বিদেশ সফর থেকে দেশে ফিরে বিক্ষোভ বন্ধের জন্য বিরোধীদের প্রতি আহ্বান
জানিয়েছেন তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোয়ান। একই সঙ্গে
সমর্থকদের বলেছেন, সংঘাতে না জড়িয়ে ঘরে ফিরে যেতে। উত্তর আফ্রিকায় চার
দিনের সফর শেষে শুক্রবার দেশে ফেরেন এরদোয়ান। এর আগে প্রায় এক সপ্তাহ ধরে
তাঁর পদত্যাগের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ করে বিরোধীরা। এ সময় এরদোয়ানের
সমর্থকেরা তেমন কোনো পাল্টা বিক্ষোভ না করলেও তাঁর দেশে ফেরার প্রাক্কালে
শক্তি প্রদর্শন করেন। তাঁর দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির হাজার
হাজার কর্মী-সমর্থক জড়ো হন ইস্তাম্বুল বিমানবন্দর এলাকায়। বিমানবন্দরে
অবতরণের পরপরই সেখানে এক ভাষণে এরদোয়ান বলেন, ‘বিক্ষোভকারীদের প্রতি আমার
আহ্বান, তারা যেন এখনই বিক্ষোভ বন্ধ করে। তারা তাদের গণতান্ত্রিক চরিত্র
হারিয়েছে এবং ধ্বংসাত্মক কাজে জড়িয়ে পড়েছে।’ কয়েক দিন ধরে শান্ত থাকার
জন্য নিজের সমর্থকদের প্রশংসা করে এরদোয়ান বলেন, ‘আপনার শান্ত আছেন এবং
পরিপক্বতা ও সুবুদ্ধির পরিচয় দিয়েছেন। আমরা এখন এখান থেকে ঘরে ফিরে যাব।
আপনারা সে ধরনের মানুষ নন, যারা রাস্তায় দাঙ্গা-হাঙ্গামা করে।’ এর আগে
বৃহস্পতিবারও দেশজুড়ে বড় ধরনের বিক্ষোভ করে এরদোয়ানের বিরোধীরা।
ইস্তাম্বুলের একটি পার্কের গাছপালা কেটে বিপণিবিতান নির্মাণের পরিকল্পনার
বিরুদ্ধে এ বিক্ষোভ শুরু হয়। তবে তা একপর্যায়ে সরকারবিরোধী বিক্ষোভে রূপ
নেয়। প্রধানমন্ত্রীর ‘একনায়কসুলভ আচরণে’ ক্ষুব্ধ বিক্ষোভকারীরা তাঁর
পদত্যাগ দাবি করতে থাকে। এক সপ্তাহ ধরে চলা এ বিক্ষোভে এ পর্যন্ত তিনজনের
মৃত্যু হয়েছে। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাঁদানে গ্যাস, পেপার
সেপ্র এবং জলকামানে সহস্রাধিক মানুষ আহত হয়েছে বলে জানিয়েছেন
চিকিৎসকেরা। দেশে ফেরার আগ গত বৃহস্পতিবার তিউনিসিয়ার রাজধানী তিউনিসে
এরদোয়ান অভিযোগ করেন, তাঁর বিরুদ্ধে এই বিক্ষোভে ‘চরমপন্থী এবং বিদেশিদের’
হাত রয়েছে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment