Sunday, April 13, 2014

‘বিপন্ন’জাতিকে‘রক্ষা’করতে চান এরশাদ

নতুন বছরে বিপন্ন দেশ ও জাতিকে রক্ষা করতে চান জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদ। বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসীর প্রতি দেওয়া এক বাণীতে আজ রোববার তিনি এ কথা বলেন। তিনি দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দনও জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর এই বিশেষ দূত বলেছেন, ‘বিগত ১৪২০ সালের তিক্ত অভিজ্ঞতাকে মুছে ফেলে আমরা আগামী বছরের সময়টুকুকে স্মরণীয় করে রাখতে চাই বিপন্ন দেশ ও জাতিকে রক্ষা করার মধ্য দিয়ে। নতুন বছরে জীবনের পুঞ্জীভূত সমস্যার সমাধানে অগ্রগতি হবে। সন্ত্রাসমুক্ত সমাজ, হিংসা হানাহানির অবসান এবং অর্থনৈতিক মুক্তি ও সুখী-সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যে যেকোনো ত্যাগ স্বীকারের অঙ্গীকার গ্রহণ করতে হবে নতুন বছরের শুরুতেই।’

সাবেক এই রাষ্ট্রপতি বলেন, বাঙালির হাজার বছরের ঐতিহ্য হলো সীমাহীন সমস্যার মধ্যেও নববর্ষকে স্বাগত জানানো। এ বছরও উত্সবের আমেজ নিয়ে নববর্ষকে স্বাগত জানানো হবে এবং নতুন বছর উন্নয়ন ও সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচিত করে বয়ে আনবে সুখ, শান্তি ও সমৃদ্ধি।

বিরোধীদলীয় নেতার শুভেচ্ছা
সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বাংলা নববর্ষ উপলক্ষে দেশে ও প্রবাসে বসবাসরত বাঙালিদের শুভেচ্ছা জানিয়েছেন।
এক বাণীতে রওশন এরশাদ নতুন বছরে পুরাতন ও জরাজীর্ণতাকে বিসর্জন দিয়ে বাংলা নববর্ষে নতুন উত্সাহ-উদ্দীপনায় দেশ গঠনে সবাই ঐকমত্যে পৌঁছাতে কাজ করার আহ্বান জানান।

No comments:

Post a Comment