Friday, May 9, 2014

র‌্যাব পরিচয়ে ব্যবসায়ী অপহরণের অভিযোগ

পুরান ঢাকার আদালতপাড়া থেকে র‌্যাব পরিচয়ে এক পরিবহন ব্যবসায়ী অপহরণের অভিযোগ করেছেন অপহৃত ব্যবসায়ীর স্ত্রী লাভলী আক্তার। গতকাল জাতীয় প্রেস ক্লাবে লাভলী আক্তার সংবাদ সম্মেলনে র‌্যাবের বিরুদ্ধে স্বামী অপহরণের অভিযোগ করেন। তিনি বলেন, গত ৯ই এপ্রিল পুরান ঢাকার আদালতপাড়া থেকে র‌্যাব-১০ পরিচয়ে তার স্বামী রহমত উল্লা ওরফে সেন্টুকে ধ েনিয়ে যাওয়া হয়। ঘটনার একটি মাস পেরিয়ে গেলেও তার স্বামীর কোন হদিস পাওয়া যায়নি। এমনকি থানায় মামলা করা হলেও পুলিশ তার স্বামীর সন্ধান বের করতে পারেনি। এ নিয়ে তার পরিবার ও স্বজনরা চরম উদ্বিগ্ন।

সংবাদ সম্মেলনে তিনি অপহৃত স্বামীকে উদ্ধার করার জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় ১৬ই এপ্রিল লাভলী আক্তার কোতোয়ালি থানায় অপহরণ মামলা দায়ের করেন।  স্বজনেরা অভিযোগ করেন, পরিবহন ব্যবসার বিরোধের জের ধরে সায়েদাবাদ বাস টার্মিনালের সাইফুল ইসলাম মাহমুদ ও টার্মিনালের কর্মচারী বাবু র‌্যাব ১০-এর সদস্যকে দিয়ে অপহরণ করিয়েছে সেন্টুকে। এর পেছনে আইনজীবীর সহকারী শাহ আলমের যোগসূত্র আছে বলে অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লাভলী আক্তারের বড় বোন মহুয়া বেগম, তার স্বামী মেসবাহ উদ্দিন, ছোট বোন নারগিস আক্তার ও লাভলীর তিন শিশু সন্তান।
লিখিত বক্তব্যে লাভলী বলেন, তার স্বামী রহমত উল্লা ওরফে সেন্টু সায়েদাবাদ-টঙ্গী সড়কপথে চলাচলকারী তুরাগ পরিবহনের ভাইস চেয়ারম্যান। তাছাড়া নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড়ে তার স্বামীর রড-সিমেন্টের ব্যবসা রয়েছে। তারা তিন সন্তান নিয়ে থাকেন সানারপাড়ের নিজস্ব বাড়িতে। ৯ই এপ্রিল বাড়ি থেকে স্বামী-স্ত্রী পুরান ঢাকার আদালতপাড়ায় আসেন। তারা আইনজীবীর সহকারী শাহ আলমের চেম্বারে বসে একটি মামলা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা শেষে বেলা ১১টার দিকে চেম্বার থেকে বের হন। ওই সময় সাদা পোশাকধারী ৮-১০ জন তাদের পথরোধ করে। তারা লাভলীর স্বামী সেন্টুকে জোর করে ধরে ইংলিশ রোডের দিকে নিয়ে যায়। এ সময় সাদা পোশাকধারীদের কাছে স্বামীর অপরাধ কি এবং তারা কারা লাভলী জানতে চান। কিন্তু তারা কিছু না বলায় ভয়ে লাভলী ও তার স্বামী চিৎকার করেন। চিৎকার শুনে পথচারী এবং স্থানীয় বিভিন্ন ফল দোকানদার তাদের সহযোগিতার জন্য এগিয়ে আসেন। ব্যবসায়ী ও পথচারীরা মিলে সাদা পোশাকধারীদের বাধা দেয়ায় সেখানে হাতাহাতির ঘটনা ঘটে। তার এক পর্যায়ে সাদা পোশাকীরা সেন্টুকে টেনেহিঁচড়ে রাস্তার মুখে অপেক্ষারত একটি কালো কাচের অফ হোয়াইট রঙের মাইক্রোবাসে তুলে নেয়। মাইক্রোবাসটি লাভলী ও স্থানীয় জনতা আটকানোর জন্য চেষ্টা করেন। এ সময় র‌্যাবের পোশাক পরা অস্ত্রধারী ৩-৪ সদস্য এসে তাদের লাঠিপেটা করে। র‌্যাবের লাঠিপেটার মুখে ছত্রভঙ্গ হয়ে যায় স্থানীয় জনগণ। পরে সেখান থেকে র‌্যাবের অন্য একটি গাড়িতে করে তার স্বামীকে নিয়ে যাওয়া হয়।  ঘটনাস্থলের অদূরে পুলিশের কাছ থেকে লাভলী জানতে পারেন, সাদা পোশাকীরা সকলে র‌্যাব-১০ এর সদস্য। এরপর লাভলী র‌্যাব ১০-এর কার্যালয়ে যান। কিন্তু সেখানে গিয়ে তিনি জানতে পারেন র‌্যাব সদস্যরা তার স্বামীকে ধরে আনেনি।

No comments:

Post a Comment