Monday, May 19, 2014

গেট ভেঙে পোশাক কারখানার নিরাপত্তাকর্মী নিহত

শিল্পাঞ্চল আশুলিয়ায় বার্ডস গ্রুপের তৈরি পোশাক কারখানার গেট ভেঙে মোতাহার হোসেন (৪০) নামের এক নিরাপত্তাকর্মী মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। সোমবার সকালে আশুলিয়ার বুড়িরবাজার এলাকায় এ ঘটনা ঘটে। 
নিহত মোতাহার হোসেন টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার মৃত কাইয়ূম আলীর ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জান‍ায়, সকালে কাইয়ূমসহ আরও একজন নিরাপত্তাকর্মী কারখানাটির প্রধান ফটক খুলে দেওয়ার সময় গেটের উপরে থাকা বেশ ভারী একটি লোহার অ্যাঙ্গেল তার উপর ভেঙে পড়ে। এসময় তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নিরাপত্তাকর্মী জানান, দীর্ঘদিন ধরে গেটটির রেলিং নড়বড়ে ছিল। আমরা বারবার কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করলেও কর্তৃপক্ষ বিষয়টি আমলে নেয়নি। সঠিক সময়ে কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতো তাহলে হয়তো এ দুর্ঘটনা ঘটতো না। এছাড়া বিষয়টি ধামাচাপা দিতে কারখানা কর্তৃপক্ষ পুলিশকে বিষয়টি জানায় নি বলেও অভিযোগ করেন নিহত নিরাপত্তাকর্মীর স্বজনরা। এ বিষয়ে বার্ডস গ্রুপের অ্যাডমিন অফিসার সানভির আহম্মেদ বাংলানিউজকে জানান, এটা একটা দুর্ঘটনা। আমরা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে নিহত কর্মীর পরিবারকে আর্থিক সহায়তা দেব। এছাড়া দীর্ঘদিন ধরে গেটটি নড়বড়ে অবস্থায় থাকা সত্ত্বেও কেন কর্তৃপক্ষ এর যথাযথ ব্যবস্থা নেয় নি এমন প্রশ্নের জবাবে তিনি জানান, আমাদের গেট শিল্পাঞ্চলের সব পোশাক কারখানার গেটের চেয়ে শক্তিশালী। এ ব্যাপারে জানতে চাইলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বদরুল আলম বাংলানিউজকে জানান, এধরনের কোনো মৃত্যুর সংবাদ আমার জানা নেই। তবে যদি কেউ অভিযোগ করে তাহলে আমরা আইনগত ব্যবস্থা নেব।

No comments:

Post a Comment