Monday, May 5, 2014

ঝিনাইদহে শ্রমিক নেতাকে কুপিয়ে হত্যা

ঝিনাইদহ জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। আজ সোমবার ভোররাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আবদুল গাফফার বিশ্বাস (৪৫)। তাঁর বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর গ্রামে। 
পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, শ্রমিক ইউনিয়ন নিয়ে গাফফারের সঙ্গে তাঁর প্রতিপক্ষের অনেক দিন ধরে বিরোধ চলছিল। মুঠোফোনে কল দিয়ে বিরোধ মীমাংসার কথা বলে গতকাল রোববার রাত ১০টার দিকে তাঁকে ডেকে নেওয়া হয়। রাতে তিনি আর বাড়ি ফেরেননি। আজ সকালে তাঁর মৃত্যুর খবর পাওয়া যায়। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দিন আজাদ জানান, ভোর চারটার দিকে শহরের চাকলাপাড়া ওভারব্রিজের ওপর ক্ষতবিক্ষত অবস্থায় গাফফারকে পড়ে থাকতে দেখে টহল পুলিশ। তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।

No comments:

Post a Comment