Thursday, May 8, 2014

খন্দকার মাহবুবের অভিযোগের আদেশ ২২ জুন

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে আদেশের জন্য আগামী ২২ জুন দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ বৃহস্পতিবার এই দিন ধার্য করেন। শুনানিতে আজ রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ আল মালুম বলেন, খন্দকার মাহবুব যে ধরনের বক্তব্য দিয়েছেন তাতে দেশে-বিদেশে ট্রাইব্যুনালের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তাঁর এ ধরনের বক্তব্য ট্রাইব্যুনাল-সম্পর্কিত সবার জন্য হুমকিস্বরূপ। এ ধরনের বক্তব্যে সাক্ষীরা ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে চাইবে না। তাই এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আরজি জানান তিনি। খন্দকার মাহবুবের পক্ষে আইনজীবী তাজুল ইসলাম বলেন, ‘যে বক্তব্যের কারণে তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে তাতে বিচারকদের সম্পর্কে কিছু বলা হয়নি। তিনি রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করার আবেদন জানান।
গত বছর ট্রাইব্যুনাল-১-এ বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর রায়ের পর এক প্রতিক্রিয়ায় ট্রাইব্যুনালের বিচার প্রসঙ্গ নিয়ে একটি মন্তব্য করেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন। পরে রাষ্ট্রপক্ষ খন্দকার মাহবুবের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দাখিল করেন।
বক্তব্যে খন্দকার মাহবুব বলেছিলেন, ‘এই বিচারটি একটি প্রহসনের বিচার, রাজনৈতিক প্রতিহিংসার বিচার। ইনশাআল্লাহ জাতীয়তাবাদী শক্তি যদি ক্ষমতায় আসে, সত্যিকার অর্থে যারা যুদ্ধাপরাধী, তাদের বিচার হবে। নির্দোষ ব্যক্তিরা, প্রতিহিংসার জন্য যাদের বিচার করা হয়েছে, কাল্পনিক গল্প দিয়ে যে মামলা তৈরি করা হয়েছে, অবশ্যই সেটা চলে যাবে। যারা এই প্রহসনের বিচারে সম্পৃক্ত, ইনশাআল্লাহ বাংলার মাটিতে তাদেরও বিচার হবে।’

No comments:

Post a Comment