Sunday, May 18, 2014

জাপা বিরোধী দল হিসেবে ভালো করবে: এরশাদ

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদ বলেছেন, আগে সংসদে বিরোধী দলের তেমন কোনো ভূমিকা ছিল না। 
তবে সংখ্যায় সংসদ সদস্য কম হলেও জাতীয় পার্টি বিরোধী দলের ভূমিকায় ভালো কাজ করবে। আজ রোববার সকাল ১০টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গ্র্যান্ড সুলতান টি রিসোর্টে মিট দ্য প্রেস অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রপতি এরশাদ এ কথা বলেন। এরশাদ বলেন, দেশ ও জাতির উন্নয়নে শেখ হাসিনার নেতৃত্বে সরকার কাজ করছে। তবে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা অস্বাভাবিক। এ সরকার ও প্রশাসন ভালো। সরকারের ভাবমূর্তি রক্ষায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কঠোর ব্যবস্থা নিতে হবে। নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় অবসরে পাঠানো তিন র্যাব কর্মকর্তার জন্য পুরো র্যাব বাহিনীকে দোষারোপ করা ঠিক নয়। তদন্ত করে যে দায়ী, তাঁর শাস্তির ব্যবস্থা করতে হবে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সাবেক রাষ্ট্রপতি এরশাদকে জিয়াউর রহমানের হত্যাকারী বলা প্রসঙ্গে তিনি বলেন, ‘১৯৮১ সালে ঘটনার সময় রাষ্ট্রপতি ছিলেন বিএনপির আবদুস সাত্তার। তা ছাড়া পরবর্তীকালে খালেদা জিয়া একাধিকবার প্রধানমন্ত্রী হয়েও কোনো কথা বলেননি। এত দিন পর তিনি কেন এ ধরনের উক্তি করছেন? এটি উদ্দেশ্যমূলক ছাড়া আর কিছুই না। বিএনপি সাংগঠনিক রাজনীতি করতে জানে না বলেই বিএনপিকে রাজনৈতিক দলও বলা যায় না।’ এরশাদ দুই দিনের ছুটি কাটাতে গত শুক্রবার দুপুরে গ্র্যান্ড সুলতান টি রিসোর্টে যান। সিলেটকে নিজের দ্বিতীয় জন্মস্থান দাবি এরশাদ বলেন, সবুজ-শ্যামল সিলেটের তুলনাই চলে না।

No comments:

Post a Comment