বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনের বড় নাতনি রাইমা
সেন প্রথমবারের মতো বাংলাদেশের প্রেক্ষাগৃহে আসার প্রস্তুতি নিচ্ছেন। তিনি
আসবেন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ নিয়ে ভারতে নির্মিত ছবি ‘চিলড্রেন অব
ওয়ার নাইন মান্থ টু ফ্রিডম’ নিয়ে। ছবিটি ১৬ই মে পশ্চিম বাংলায় মুক্তি পাবে।
রপ্তানির বিপরীতে আমদানির নীতিমালায় ছবিটি বাংলাদেশে আমদানি করেছে খান
ব্রাদার্স। বাংলাদেশের ছবির নাম রাখা হয়েছে ‘যুদ্ধ শিশু’।

সে
সঙ্গে ‘চিলড্রেন অব ওয়ার নাইন মান্থ টু ফ্রিডম’ নামটিও থাকবে। ছবির একটি
গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রাইমা সেন। ছবিতে তার সঙ্গে আরও রয়েছেন
ইন্দ্রনীল সেনগুপ্ত, ভেঙ্কটেশ এবং মুম্বইর প্রয়াত অভিনেতা ফারুক শেখ।
মৃত্যুঞ্জয় দেবাক পরিচালিত ‘যুদ্ধ শিশু’ ছবিটি বর্তমানে ছাড়পত্রের জন্য
সেন্সর বোর্ডে জমা রয়েছে। খান ব্রাদার্স আশা করছে চলতি মাসেই ছবিটি তারা
বাংলাদেশের দর্শকদের সামনে উপস্থাপন করতে পারবেন। আর এ ছবিটি মুক্তি পেলেই
প্রথমবারের মতো বাংলাদেশের প্রেক্ষাগৃহের পর্দায় দর্শকদের সামনে আসবেন
মুনমুন সেন কন্যা রাইমা সেন। ইতিপূর্বে তার ছোটবোন রিয়া সেন মনতাজুর রহমান
আকবর পরিচালিত বাংলাদেশের ছবি ‘মনে পড়ে তোমাকে’র মাধ্যমে এদেশের
সিনেমাপ্রেমী দর্শকদের অভিবাদন জানিয়েছিলেন। এ ছবিতে তার নায়ক ছিলেন রিয়াজ।
রিয়ার প্রায় ১০ বছর পর বাংলাদেশের প্রেক্ষাগৃহে আসছেন রাইমা। ইতিমধ্যেই
টালিগঞ্জের সুঅভিনেত্রী হিসেবে রাইমা সুনাম ছড়িয়ে গেছেন। আকাশ সংস্কৃতির
মাধ্যমে বাংলাদেশেও তার ভাল পরিচিতি রয়েছে। বোনাস পরিচিতি হিসেবে মহানায়িকা
সুচিত্রা সেনের নাতনি, মুনমুন সেনের কন্যা তো আছেই। এদিকে আমদানিকারক
প্রতিষ্ঠান খান ব্রাদার্স রপ্তানির বিপরীতে আরও দু’টি বাংলা ছবি আমদানি করে
ছাড়পত্রের জন্য চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা দিয়েছে। ছবি দু’টি হচ্ছে
‘খোকা বাবু’ ও ‘খোকা বাবু ৪২০’। এই ছবি দু’টির বিপরীতে রপ্তানি করা হয়েছে
সোহানুর রহমান সোহান পরিচালিত ‘অনন্ত ভালবাসা’ এবং জাকির হোসেন রাজু
পরিচালিত ‘মা আমার স্বর্গ’। ছবি দু’টি বর্তমানে পশ্চিম বাংলা চলচ্চিত্র
সেন্সর বোর্ডে জমা রয়েছে। ভারতের নির্বাচনে কারণে কর্মকর্তারা ব্যস্ত থাকায়
ছবি দু’টি এখনও বোর্ডে প্রদর্শিত হয়নি। তবে খান ব্রাদার্স আশা করছে চলতি
মাসেই নির্বাচনের পরপর ছবি দু’টি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়ে যাবে। এখন
বাংলাদেশের চলচ্চিত্র সেন্সর বোর্ডও ‘খোকা বাবু’ এবং ‘খোকা বাবু ৪২০’ ছবি
দু’টি ছাড়পত্র প্রদানের লক্ষ্যে সেন্সর শো-এর আয়োজন করবে। অন্যদিকে একটি
সূত্রে জানা গেছে, ইনউইন এন্টারপ্রাইজ একে আমদানিকৃত ৯টি ভারতীয় হিন্দি
ছবির মধ্যে সালমান খান অভিনীতি ‘ওয়ানটেড’ চলচ্চিত্রটি সেন্সর বোর্ডে জমা
পড়েছে। ছবিটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়ার পর ইনউইন এন্টারপ্রাইজ সংবাদ
সম্মেলনের মাধ্যমে ছবির মুক্তির তারিখ ঘোষণা করবেন।
No comments:
Post a Comment