ক্ষমতাবহির্ভূতভাবে হোল্ডিং ট্যাক্স
কমানোর অভিযোগের মামলা থেকে অব্যাহতি পেয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের
সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। আজ
বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমান উচ্চ আদালতের
আদেশের পরিপ্রেক্ষিতে অব্যাহতির আদেশে স্বাক্ষর করেন। মহানগর দায়রা জজ
আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ রাতে প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।

>>চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী
মহিউদ্দিনের আইনজীবী রনি দে প্রথম আলোকে জানান, মামলা থেকে অব্যাহতি চেয়ে মহিউদ্দিন চৌধুরী ২০০৪ সালে উচ্চ আদালতে আবেদন করেন। ২০১২ সালের ৬ আগস্ট বিচারপতি বোরহান উদ্দিন ও মাহমুদুল হকের বেঞ্চ তাঁকে অব্যাহতির আদেশ দেন। আদেশটি ১৭ মে চট্টগ্রাম এসে পৌঁছায়। আজ বৃহস্পতিবার মহানগর দায়রা জজ স্বাক্ষর করার পর কপিটি পেয়ে নিশ্চিত হওয়া গেছে।
মামলার এজাহারে উল্লেখ রয়েছে, ২০০০ সালে নগরের কোতোয়ালি আলকরণ নূপুর মার্কেটের হোল্ডিং ট্যাক্স ১৭ লাখ ৫৫ হাজার ৭৭০ টাকা কমিয়ে সিটি করপোরেশনের রিভিউ বোর্ড পাঁচ লাখ ৫০ হাজার টাকা নির্ধারণ করেন। পরে প্রতিষ্ঠানের মালিক সাহেদ আজগর চৌধুরী আবেদন করলে দুই লাখ ৫০ হাজার টাকা নির্ধারণ করেন মহিউদ্দিন চৌধুরী। এতে করপোরেশনের আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়। ২০০৩ সালে তত্কালীন বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে তত্কালীন দুর্নীতি দমন ব্যুরো চট্টগ্রামের সহকারী পরিচালক শামসুল ইসলাম বাদী হয়ে মহিউদ্দিন চৌধুরী ও সাহেদ আজগর চৌধুরীর বিরুদ্ধে নগরের কোতোয়ালি থানায় দুর্নীতির মামলা দায়ের করেছিলেন।
No comments:
Post a Comment