বিএনপির গণঅনশন কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপি চেয়াপারসন খালেদা জিয়া
এরশাদকে খুনি উল্লেখ করে তার বিচার হওয়া উচিত বলে যে মন্তব্য করেছিলেন তার
পাল্টা জবাব দিয়েছেন এইচএম এরশাদ। এরশাদ বলেন, তিনিই (খালেদা) খুনি।
গাইবান্ধায় ও কানসাটে গুলি করে মানুষ হত্যা করেছেন। গত আন্দোলনে ১৯ জন
পুলিশ, ২৬ শিশুসহ ১২৫ জন মানুষ হত্যা করেছেন। বিচার আপনারই হওয়া উচিত।

মঙ্গলবার
দুপুরে ঠাকুরগাঁও সার্কিট হাউজে জেলা জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে
মতবিনিময় সভায় এসব কথা বলেন। তিনি বলেন, তারা (বিএনপি) সংসদে নেই, বাহিরে
নেই, আন্দোলনেও নেই। তাদের রাজনীতি নেই, ভবিষ্যত অন্ধকার দেখে যা ইচ্ছে তাই
বলছে। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায়
খালেদার জেল হয়ে যেতে পারে বলেও মন্তব্য করে এরশাদ। এসময় জেলা জাপার
সভাপতি অ্যাডভোকেট আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক শ্যামল কুমার ঘোষ, স্বপন
চৌধুরীসহ অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এরশাদ নারায়ণগঞ্জে গুম,
হত্যায় উদ্বেগ প্রকাশ করে বলেন, দেশের মানুষ আতংকে রয়েছে। মানুষ চায়
নিরাপদে থাকতে। ব্যবসা বাণিজ্য করতে। এর আগে সকালে এইচএম এরশাদ রানীশংকৈল
উপজেলার ধর্মগড়ে নিজ খামারবাড়িতে কিছুক্ষণ সময় অতিবাহিত করেন।
No comments:
Post a Comment