Wednesday, May 7, 2014

নিজ দলের নেতাকর্মীর বিরুদ্ধেই ছাত্রলীগের বিক্ষোভ

সিলেটে নিজ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে জেলা ও মহানগর ছাত্রলীগ। এমসি কলেজে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে বুধবার এ বিক্ষোভ করে সংগঠনটি। দুপুর ২টার দিকে নগরীর সুরমা মার্কেট পয়েন্টে বিক্ষোভ মিছিল বের হয়ে চৌহাট্টা পয়েন্টে গিয়ে পথসভায় মিলিত হয়। সমাবেশে বক্তারা বলেন, একটি কুচক্রী মহল মিথ্যাচার করে ছাত্রলীগের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চালাচ্ছে।
ওই মহল জেলা ও মহানগর ছাত্রলীগের নেতাকর্মীদের আসামি করে মামলাও করেছে। পথসভা থেকে বক্তারা সাবেক জেলা ছাত্রলীগ সভাপতি হিরন মাহমুদ নিপুসহ সকল নেতাকর্মীদের ওপর ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান। সিলেট জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সেলিম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, ছাত্রলীগ নেতা গোলাম হাসান চৌধুরী সাজন, সাইফুর রহমান রুমেল, মিটু তালুকদার, রুহুল আমীন কামালী, আসাদুজ্জামান আসাদ, আব্দুর রকিব জুয়েল, জয়নাল আবেদীন ডায়মন্ড, কামরুল ইসলাম, সঞ্জয় চৌধুরী প্রমুখ। মামলা প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগের অপর গ্রুপের বিরুদ্ধে হিরণ মাহমুদ নিপু'র নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল বের হয় বলে সিলেট কতোয়ালী থানার অফিসার ইনচার্জ(ওসি) আতাউর রহমান জানিয়েছেন। উল্লেখ্য, ২৮ এপ্রিল সিলেট এমসি কলেজে ভর্তি বাণিজ্য নিয়ে সাবেক এমপি শফিকুর রহমান সমর্থিত বাবলা গ্রুপ ও আজাদ রঞ্জিত সমর্থিত পঙ্কজ গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুই ছাত্রলীগকর্মী আহত হন। এ ঘটনায় আহত নীরেশ বাদী হয়ে শাহপরান থানায় প্রতিপক্ষ ছাত্রলীগ নেতাকর্মীদের আসামি করে মামলা করে।

No comments:

Post a Comment