Monday, May 5, 2014

গুম-অপহরণে সরকার জড়িত এটা পরিষ্কার

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অভিযোগ করে বলেছেন, গুম-অপহরণের সঙ্গে সরকার ও সরকারদলীয় লোকজন জড়িত এটা পরিষ্কার। তিনি র‌্যাব ও পুলিশ বাহিনীর বিরুদ্ধেও ‘বেপরোয়া হয়ে ওঠার’ অভিযোগ করেন। গতকাল রোববার রাজধানীতে দলের গণ-অনশন কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। সাম্প্রতিক গুম-খুন-অপহরণ এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, তাঁর ছেলে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে এ গণ-অনশন কর্মসূচির ডাক দেওয়া হয়। জাতীয় প্রেসক্লাবে সকাল নয়টা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত অনশন কর্মসূচিতে বিকেল সাড়ে চারটায় যোগ দেন খালেদা জিয়া। বিএনপির চেয়ারপারসন সরকারের তীব্র সমালোচনা করে বলেন, এরা ক্ষমতায় থাকলে এদের হাত থেকে কেউ রক্ষা পাবে না। সাধারণ মানুষের চোখে থাকবে কেবল পানি আর সরকারের হাতে থাকবে রক্ত।
খালেদা জিয়া বিকেল সাড়ে পাঁচটার দিকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পানীয় পান করিয়ে অনশন কর্মসূচি শেষ করেন। এর আধা ঘণ্টা আগে তিনি প্রধান অতিথির বক্তব্য দেওয়া শুরু করেন।
খালেদা জিয়া তাঁর বক্তব্যের শুরুতেই এখন পর্যন্ত যাঁরা গুম আছেন তাঁদের ‘ফিরিয়ে দিতে’ সরকারের প্রতি দাবি জানান। তিনি নারায়ণগঞ্জের কথা উল্লেখ করে বলেন, ‘শুধু এই একটি জেলাই নয়, সারা দেশ এখন মৃত্যুকূপ ও মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে এই অবস্থা চলতে থাকবে। শুধু বিরোধী দল নয়, কেউই এদের হাত থেকে রক্ষা পাবে না। কিন্তু এভাবে চলতে দেওয়া যায় না। সবাইকে ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’
বিএনপির চেয়ারপারসন বলেন, সরকারের নানা অবৈধ কাজের বিরুদ্ধে সভা-সমাবেশ, মানববন্ধন করা হচ্ছে। কিন্তু এতে কাজ না হলে কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবে বিএনপি। তিনি তার আগেই সরকারকে নির্বাচন দেওয়ার আহ্বান জানান।
খালেদা জিয়া বলেন, ‘সরকারের চামচারা যতই লাফালাফি করুক, তারা পাঁচ বছর ক্ষমতায় থাকবে, সেটা ভুলে যান।’ তিনি জাতীয় সংসদ ভবনের সামনে নাগরিক সমাজের শনিবারের কর্মসূচিতে পুলিশের বাধা দেওয়ার সমালোচনা করেন।
সাবেক এই প্রধানমন্ত্রী মন্তব্য করেন, সরকারের সঙ্গে কেউ নেই। কেবল ‘খুনি এরশাদ’ আছেন। এরশাদকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মেজর জেনারেল মঞ্জুরের খুনি হিসেবে অভিযুক্ত করে খালেদা জিয়া বলেন, তাঁর বিচার হবে। তিনি পুলিশ ও র‌্যাবকে সতর্ক করে দিয়ে বলেন, ‘আপনারা বেপরোয়া হয়ে উঠেছেন। কিন্তু আওয়ামী লীগ চিরকাল ক্ষমতায় থাকবে না। তখন আপনারা কোথায় যাবেন। সবকিছুর জবাব দিতে হবে।’
পুরো সময়জুড়ে অনশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল। বিকেলের সমাবেশে সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলোর কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এর দায় সরকার ও তথাকথিত প্রধানমন্ত্রীকে নিতে হবে।’
স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, আ স ম হান্নান শাহ, মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাসহ দলের বিভিন্ন স্তরের নেতারা দিনভর অনশনে বক্তব্য দেন। এ কর্মসূচিতে বিএনপির নেতৃত্বাধীন ১৯-দলীয় জোটের শরিক দলগুলো সংহতি প্রকাশ করে এবং জোটের কয়েকজন নেতা বক্তব্য দেন। এ ছাড়া সংহতি প্রকাশ করে বক্তব্য দেন বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।

No comments:

Post a Comment