নির্বাচনে দলের ভরাডুরি পর আজ সন্ধ্যায়
বসছে ভারতের কংগ্রেস দলের কার্যনির্বাহী কমিটির সভা। এরই মধ্যে খবর রটে
গেছে যে, দলের ব্যর্থতার দায় নিয়ে এ কমিটি পদত্যাগ করতে পারে। বৈঠকে
উপস্থিত থাকার কথা কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, ভাইস প্রেসিডেন্ট
রাহুল গান্ধী সহ শীর্ষ সব নেতাদের। এবারের ১৬তম লোকসভা নির্বাচনে কংগ্রেস
তার ইতিহাসে সবচেয়ে খারাপ ফল করেছে।

তাই
দলের অনেক নেতাকর্মী বলছেন, যদি নির্বাচনের পরে দলের পারফরমেন্স নিয়ে ময়না
তদন্ত করা হয় তাহলে বেশির ভাগ দায় গিয়ে পড়বে ঐতিহ্যবাহী গান্ধী পরিবারের
ওপর। খবরে বলা হয়েছে, এ কথা টের পেয়েই হয়তো আজকের বৈঠকে দলের সভানেত্রীর পদ
ত্যাগের ঘোষণা দিতে পারেন সোনিয়া গান্ধী। একই ঘোষণা দিতে পারেন তার ছেলে ও
কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী। কিন্তু সূত্র বলছে, তারা যদি
এমনটা করেনই তাহলে সঙ্গে সঙ্গে সহকর্মীরা সেই পদত্যাগ পত্র গ্রহণ করবেন না।
দলীয় সূত্র বলেছেন, দলের নীতিনির্ধারণী পর্যায়ের কার্যনির্বাহী কমিটির সব
সদস্য, ৩৪জনই পদত্যাগ করতে পারেন। এর মাধ্যমে তারা সম্মিলিতভাবে দায়
স্বীকার করবেন। কংগ্রেস দলের সবচেয়ে সিনিয়র নেতা কমল নাথ রোববার একটি
টেলিভিশন চ্যানেলকে বলেছেন, এ ব্যর্থতার জন্য কেন শুধু একা রাহুলকে দায়ী
করা হচ্ছে? তার পদত্যাগ করা উচিত নয়। গত শুক্রবার প্রকাশিত লোকসভা
নির্বাচনের ফলে দেখা যায় ৫৪৩ আসনের মধ্রে কংগ্রেস স্রেফ ৪৪ আসন পেয়েছে। ৩০
বছরের মধ্যে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করছে। নতুন
পার্লামেন্টে এখন বিরোধী দল কে হবে, কিভাবে হবে তা নিয়ে চলছে নানা জল্পনা
কল্পনা। কারণ, যে কংগ্রেস গত ১০টি বছর সরকার পরিচালনা করেছে তাদের ধরাশায়ী
অবস্থা এতই শোচনীয় যে তারা বিরোধী দলে বসার যোগ্যতাও অর্জন করতে পারে নি।
No comments:
Post a Comment