Thursday, October 9, 2014

মোদি-জাকারবার্গ বৈঠক আজ

ফেসবুকের অন্যতম প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ দুদিনের সফরে আজ বৃহস্পতিবার ভারতে আসছেন। আজই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে জাকারবার্গের বৈঠক হবে বলে আশা করা হচ্ছে।

বার্তা সংস্থা পিটিআই জানায়, নয়াদিল্লিতে ইন্টারনেট-বিষয়ক একটি সম্মেলনে যোগ দেবেন জাকারবার্গ। ৯ ও ১০ অক্টোবর এই সম্মেলন হবে।

যুক্তরাষ্ট্রের পর ভারত ফেসবুকের দ্বিতীয় বৃহত্তম বাজার। এর আগে গত জুলাইয়ে ফেসবুকের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) শেরিল স্যান্ডবার্গ ভারত সফর করেন। তিনিও মোদির সঙ্গে বৈঠক করেন।

জাকারবার্গ তাঁর ভারত সফরে নয়াদিল্লিতে অনুষ্ঠিত প্রথম ইন্টারনেট ডট ওআরজি সম্মেলনে অংশ নেবেন। বিশ্বের সব মানুষের কাছে ইন্টারনেটকে সহজলভ্য করাই ইন্টারনেট ডট ওআরজির লক্ষ্য।

ইন্টারনেট-বিষয়ক এই সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী ও অন্যান্য গুরুত্বপূর্ণ মন্ত্রীদের সঙ্গে জাকারবার্গ বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।
ইন্টারনেট ডট ওআরজিতে ফেসবুক ও ভারত সরকার কীভাবে অবদান রাখতে পারে—মোদির সঙ্গে জাকারবার্গের বৈঠকে তা আলোচিত হতে পারে।

No comments:

Post a Comment