Sunday, October 19, 2014

সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে নিখোঁজ ১৭৬

কক্সবাজারের টেকনাফ উপকূল থেকে ৩১০ জন বাংলাদেশীকে নিয়ে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় থাইল্যান্ড সাগরে জাহাজ দুর্ঘটনায় ১৭৬ জন নিখোঁজ রয়েছেন। থাইল্যান্ডের উপকূলে এ পর্যন্ত ১৩৪ জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের হদিস পাওয়ার চেষ্টা করছেন থাই কর্মকর্তারা।
জানা গেছে, মালয়েশিয়াগামীরা কয়েক দিন আগে টেকনাফের সাবরাংয়ের কাটাবনিয়া, কচুবনিয়া, শাহপরীর দ্বীপ ও কক্সবাজারের চোপলদণ্ডি এবং রামু থেকে ছোট কাঠের নৌকা করে গিয়ে সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরে অপেমাণ জাহাজে উঠেন। জাহাজটি ৩১০ জনকে নিয়ে মালয়েশিয়া রওনা হয়। সম্প্রতি থাইল্যান্ড উপকূলে পৌঁছার আগমুহূর্তে সাগরে দুর্ঘটনায় পড়ে জাহাজটি। থাইল্যান্ডের একটি ফিশিং ট্রলার জাহাজটির ১৩৪ জন আরোহীকে উদ্ধার করতে পারলেও প্রায় ১৭৬ জন নিখোঁজ রয়েছেন। উদ্ধারকৃতদের ভাষ্যমতে, সম্প্রতি উপকূল থেকে তাদের উদ্ধার করে থাই নিরাপত্তাবাহিনী। তাদের কাছ থেকে জানা যায়, একই নৌকায় আরো ১৭৬ জন ছিলেন; কিন্তু উদ্ধারকৃতরাসহ ৩১০ জনকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল আর নিখোঁজ ১৭৬ জনই বা কোথায় এ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।
পাচারকারীরা তাদের কম টাকায় ও কম সময়ে নিরাপদে মালয়েশিয়া পৌঁছানোর প্রতিশ্রুতি দিয়ে সাগরপথে জাহাজে করে নিয়ে যায় বলে জানান। এ দিকে টেকনাফের হাতিয়ার ঘোনা থেকে এক রাতে ১২টি শিশু মালয়েশিয়ার উদ্দেশে নৌকায় উঠার খবরে মা-বাবাসহ পরিবারের মধ্যে কান্নার রোল পড়েছে। চলতি মাসে ব্যাপক হারে উত্তরবঙ্গ ও কক্সবাজার জেলার মানুষ পাচার হয়েছে বলে খবর পাওয়া গেছে। অল্প কয়েকজন প্রশাসনের হাতে ধরা পড়লেও বেশির ভাগ পাচার হয়ে যাচ্ছেন।

No comments:

Post a Comment