Friday, October 17, 2014

১৫ আগস্টের মতো ঘটনা ঘটানোর চক্রান্ত চলছে : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চোরাই পথে ক্ষমতা দখলের জন্য ১৯৭৫ সালের ১৫ আগস্টের মত ঘটনা ঘটানোর চক্রান্ত চলছে। ষড়যন্ত্রকারীরা ২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যা করতে ব্যর্থ হয়েছে। তাদের সামনে চোরাগুপ্তা হামলা ছাড়া অন্য কোনো পথ নেই।
তিনি আজ শুক্রবার বগুড়া-সারিয়াকান্দি সড়কে নবনির্মিত ছয়টি সেতু উদ্বোধন শেষে বাঙ্গালী ব্রিজের পূর্ব পাশে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলনের কোন ইস্যু নেই এবং আন্দোলনের কোনো প্রস্তুতি নেই। এজন্য সরকারের পক্ষ থেকে তাদের আন্দোলন বাধাগ্রস্ত করারও কোনো পরিকল্পনা নেই। বিএনপি দেশের জনগণকে তাদের সাথে সম্পৃক্ত করতে পারেনি। জনগণ আন্দোলন চায় না।
তিনি বলেন, দলের মধ্যে কিছু হাইব্রিড পরগাছা নেতা ঢুকে পড়েছে। সংগঠনকে শক্তিশালী করতে হলে হাইব্রিড পরগাছা নেতাদের সনাক্ত করে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।
আওয়ামী লেিগর সারিয়াকান্দি উপজেলা সভাপতি সাহাদারা মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন আব্দুল মান্নান এমপি, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর শাহী সুমন প্রমুখ।
অনুষ্ঠানে বগুড়া জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস, পুলিশ সুপার মোজাম্মেল হক পিপিএম, সড়ক ও জনপথ বিভাগের রংপুর জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী একিউএম ইকরাম উল্লাহ, বগুড়ার নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, উপজেলা নির্বাহী অফিসার প্রত্যয় হাসান উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment