Sunday, October 12, 2014

কুমিল্লা ও ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১১

কুমিল্লা ও ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন এগারো জন। রোববার ভোর পাঁচটার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সিদুলিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে বাঁশবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাস ও ট্রাকের দুই চালকসহ নিহত হয়েছেন সাতজন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। হতাহতদের বিস্তারিত পরিচয় তাৎক্ষনিকভাবে জানা যায়নি। আহতদের মধ্যে চারজন পুরুষ, দুজন নারী ও একটি শিশু রয়েছে। এদিকে আমাদের ফেনী প্রতিনিধি জানিয়েছেন, ফেনীর কসকা’য় যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে তিন যাত্রী নিহত হয়েছেন। এসময় অন্তত ১০ যাত্রী আহত হয়েছে। রোববার সকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার কাসকা নামক স্থানে এ ঘটনা ঘটে। মহাসড়কের ফেনীর মুহুরীগঞ্জ পুলিশ ফাঁড়ি উপ পরিদর্শক মো. রফিকুল ইসলাম জানায়, শনিবার মধ্যরাতে টাঙ্গাইল থেকে চট্রগ্রামের উদ্যোশে যাত্রীবাহি ডেল্টা লাইন বাসটি (ঢাকা মেট্রো-ব-১৪-৭৮৪৯) রোববার সকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফেনীর কসকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে টাঙ্গাইল জেলার মধুপুর এলাকার কামাল উদ্দিনের স্ত্রী জোসনা বেগম (৩০), একই জেলার পুরোলিয়া এলকার হারুনুর রশিদের ছেলে মামুনুর রশিদসহ তিন যাত্রী নিহত হয়। এসময় বাসে থাকা র‌্যাব সদস্য নায়েক এনায়ার হোসেনসহ আরও ১০ যাত্রী আহত হয়। নিহত অপর জনের নাম পরিচয় জানা যায়নি। খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এছাড়া আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য একই হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ও আহতরা সকলে টাঙ্গাইলের যাত্রী। পুলিশ ক্ষতিগ্রস্থ বাসটি উদ্ধার করে মুহুরীগঞ্জ পুলিশ ফাঁড়িতে নিয়েছে।  পুলিশ আরও জানায়, দুর্ঘটনার সময় বাস চালক ঘুমে থাকায় এ ঘটনা ঘটেছে। পুলিশ বাস চালকে আটক করতে পারেনি। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ফেনী সদর হাসপাতাল আবাসিক মেডিকেল অফিসার অসীম কুমার সাহা জানান, আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক।

No comments:

Post a Comment