টিভি পর্দায় নিয়মিত অভিনয় করছেন
লাক্স-তারকা ও অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর। স্বল্প সময়ের ক্যারিয়ারে
এরই মধ্যে দর্শক আলোচনায়ও নিজেকে নিয়ে এসেছেন তিনি। বিভিন্ন চ্যানেলে
প্রচার চলতি একাধিক ধারাবাহিক নাটক নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন ঊর্মিলা।
পাশাপাশি রয়েছে খণ্ড নাটকের কাজও। হালের অনেক উঠতি তারকা টিভি নাটকে
অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্রেও নাম লেখিয়েছেন। কিন্তু এক্ষেত্রে ঊর্মিলা
এখনও সে পথে পা বাড়াননি। কেন জানতে চাইলে এ ব্যাপারে আগ্রহ নেই বলেই জানান
তিনি। টিভি নাটকে অভিনয় নিয়েই এখন ব্যস্ত থাকতে চান ঊর্মিলা। এ প্রসঙ্গে
তিনি বলেন, টিভি নাটকে অভিনয় করছি। এখানেই ভালভাবে কাজ করতে চাই। নিজেকে
একজন আদর্শ অভিনেত্রী প্রমাণ করাই আমার লক্ষ্য। সেজন্য চলচ্চিত্রে নাম
লেখিয়ে ঢাকঢোল পিটিয়ে আলোচিত হতে হবে এমনটায় আমি বিশ্বাসী নই। টিভি নাটকে
যদি ভাল পারফর্ম করি তাতে দর্শক কি আমাকে নিয়ে আলোচনা করবে না? চলচ্চিত্রে
অভিনয়ের জন্য অনেক প্রস্তাব এরই মধ্যে এসেছে। কিন্তু আমি এখনও কোন সাড়া
দিইনি। যে জায়গাটিতে কাজ করছি সেটিই ধরে রাখতে চাই। আর তাছাড়া চলচ্চিত্রে
অভিনয় করতে গেলে অনেক সময় ও শ্রম দিতে হয়। আমি শ্রম দিতে রাজি আছি। কিন্তু
সেখানে সময় দিতে গিয়ে নাটকের কাজে ব্যাঘাত ঘটবে এমনটা হতে দিতে পারি না।
বর্তমানে বিভিন্ন চ্যানেলে ঊর্মিলা অভিনীত ‘যোগাযোগ গোলযোগ’, ‘ফ্যামিলি
প্যাক’, ‘প্যাভিলিয়ন’, ‘সোনালী মেঘের ভেলা’ ধারাবাহিক নাটকগুলো প্রচার
চলছে। এছাড়াও খুব শিগগিরই কয়েকটি নতুন নাটকের কাজ শুরু করবেন বলে জানিয়েছেন
তিনি। উল্লেখ্য, গত ১৭ই অক্টোবর ঊর্মিলার আশীর্বাদ হয়। তার বর এনজিও
প্রতিষ্ঠান ব্র্যাক-এর উচ্চপদস্থ কর্মকর্তা জয়দীপ সিনহা রায়। সবকিছু ঠিক
থাকলে আগামী বছর এপ্রিল মাসের শেষদিকে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে
জানিয়েছেন ঊর্মিলা। অভিনয়ের পাশাপাশি নিজের পড়াশোনাও ঠিক রেখেছেন তিনি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি কোর্স শেষ করেছেন ঊর্মিলা। বর্তমানে
অপেক্ষায় রয়েছেন এলএলএম করার। কিন্তু এটি দেশের বাইরে করতে চান বলে জানান
তিনি।

No comments:
Post a Comment