Tuesday, August 11, 2015

২১০০ সালে বিশ্ব জনসংখ্যা ছাড়াবে ১১০০ কোটি!

২১০০ সালে বিশ্ব জনসংখ্যা ১১০০ কোটি ছাড়িয়ে যাবে বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির জনসংখ্যা বিভাগের পক্ষ থেকে প্রকাশ করা এক প্রতিবেদনে এ দাবি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, বর্তমানে বিশ্বের মোট জনসংখ্যা প্রায় ৭৩০ কোটি। ২০৫০ সালে তা বেড়ে ৯৭০ কোটিতে পৌঁছাবে। ২১০০ সাল নাগাদ তা প্রায় ১১২০ কোটিতে পৌঁছাবে। জনসংখ্যার দিক থেকে যথারীতি এগিয়ে রয়েছে এশিয়া মহাদেশ। বর্তমানে এ মহাদেশের জনসংখ্যা ৪৪০ কোটি। ২০৫০ সালে ৫৩০ কোটিতে গিয়ে পৌঁছাবে। তবে পরবর্তী দশকগুলোতে মহাদেশটিতে জনসংখ্যা কিছুটা হ্রাস পাবে। ২১০০ সালে তাই জনসংখ্যা কমে দাঁড়াবে ৪৯০ কোটিতে। গবেষণা প্রতিবেদনটিতে বলা হয়েছে, জনসংখ্যা বৃদ্ধির হার দ্রুত হবে আফ্রিকা মহাদেশে। বর্তমানে ১২০ কোটি জনসংখ্যার মহাদেশটিতে ২০৫০ সাল নাগাদ জনসংখ্যা ৩৪০ কোটিতে গিয়ে পৌঁছাবে। ২১০০ সালে তা আরো বেড়ে ৫৬০ কোটিতে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। একই সময়ে ইউরোপে এবং উত্তর ও দক্ষিণ আমেরিকায় জনসংখ্যার অতটা হ্রাস-বৃদ্ধি হবে না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

No comments:

Post a Comment