Sunday, August 9, 2015

‘প্রধান বিচারপতি কাচের দেয়াল নয়, যে ইট মারলে ঝন ঝন করে ভেঙে যাবে’

আদালত অবমাননার বিষয়ে দৈনিক জনকণ্ঠের বিরুদ্ধে জারি করা রুলের ওপর আগামীকাল আপিল বিভাগের বৃহত্তর বেঞ্চে শুনানি হবে। রোববার প্রধান বিচারপতি এসকে সিনহা এ মৌখিক আদেশ দেন। তিনি বলেন, আমরা একমত হয়েছি যে এ বিষয়টি বৃহত্তর বেঞ্চে শুনানি হওয়া প্রয়োজন। প্রধান বিচারপতি কাচের দেয়াল নয়, যে ইট মারলে ঝন ঝন করে ভেঙে যাবে। এরআগে সকালে জনকণ্ঠের পক্ষ থেকে প্রধান বিচারপতিকে বাদ দিয়ে এ মামলা শুনানির জন্য আবেদন করা হলে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ ওই আবেদন খারিজ করে দেন। একই সঙ্গে আদালত অবমাননার রুল ইস্যুর পর আদালতকে প্রভাবিত করার জন্য জনকণ্ঠে কোন লেখা প্রকাশিত হয়েছে কি-না এ ব্যাপারে জানানোর জন্য এটর্নি জেনারেলকে নির্দেশ দেয়া হয়েছে। জনকণ্ঠের সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আতিক উল্লাহ খান মাসুদ ও নির্বাহী সম্পাদক স্বদেশ রায় এসময় আদালতে উপস্থিত ছিলেন। জনকণ্ঠের পক্ষে শুনানি করেন আইনজীবী সালাহউদ্দিন দোলন। শুনানি চলাকালে আপিল বিভাগ বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলা থেকে প্রধান বিচারপতি যদি নিজেকে প্রত্যাহার করে নিতেন তবে কারা লাভবান হতো? তখন ওই মামলায়তো রায়ই হতো না।
গত ২৯শে জুলাই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর রায়ের দিন স্বপ্রণোদিত হয়ে জনকণ্ঠের সম্পাদক ও নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করে সুপ্রিম কোর্ট। ‘সাকার পরিবারের তৎপরতা : পালাবার পথ কমে গেছে’ শিরোনামে গত ১৬ই জুলাই প্রকাশিত নিবন্ধের জন্য রুল জারির পাশাপাশি নিবন্ধের লেখক স্বদেশ রায় এবং আতিকউল্লাহ খান মাসুদকে তলব করা হয়।

No comments:

Post a Comment