Thursday, August 6, 2015

পাঁচ বস্তা মুদ্রা উদ্ধারের ঘটনায় উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজউদ্দিন আজ বুধবার বিকেল তিনটায় রাজধানীর উত্তরার একটি বাসা থেকে গ্রেপ্তার হয়েছেন। গত বছরের ডিসেম্বরে রাজধানীর পুরানা পল্টনের একটি বাসা থেকে বিপুল পরিমাণ সোনা ও দেশি-বিদেশি মুদ্রা উদ্ধারের ঘটনায় তাঁকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার তথ্য ও জনসংযোগ মুনতাসীরুল ইসলাম জানান, গত ২৫ ডিসেম্বর পুরানা পল্টনের একটি বাসায় অভিযান চালিয়ে শুল্ক গোয়েন্দারা পাঁচ বস্তা দেশি-বিদেশি মুদ্রা ও ৬১ কেজি ওজনের ৫২৮টি সোনার বার উদ্ধার করেন। এর সঙ্গে জড়িত অভিযোগে পরে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে পাওয়া তথ্যে রিয়াজের নাম বেরিয়ে আসে। এর ভিত্তিতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর) অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে আনা হয়েছে।
ওই দিন পুরানা পল্টনের বাসিন্দা মোহাম্মদ আলী বহুতল ভবনের ৬ তলা ও ১১ তলার নিজের ফ্ল্যাটে ডিবির সহায়তা নিয়ে শুল্ক গোয়েন্দারা অভিযান চালান। তাঁরা ওই বাসার সোফার কুশন, বালিশের কভার, তোশক ও জাজিমের নিচে কাঁড়ি কাঁড়ি দেশি-বিদেশি মুদ্রা পান। একপর্যায়ে তাঁরা আলমারি ও শোয়ার ঘরের ফলস ছাদের ওপর থেকে প্রতিটি ১০ তোলা ওজনের ৫২৮টি সোনার বার উদ্ধার করেন। এসব সোনার বার ও দেশি-বিদেশি মুদ্রা পাঁচটি বস্তায় ঢোকানো হয়।
অভিযান পরিচালনাকারী শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমান ওই দিন প্রথম আলোকে বলেছিলেন, উদ্ধার হওয়া মুদ্রার মধ্যে দেশীয়, সৌদি ও ভারতীয় মুদ্রা রয়েছে। উদ্ধার হওয়া সোনার পরিমাণ ৬১ কেজি, এর আনুমানিক মূল্য ৩০ কোটি টাকার বেশি।

No comments:

Post a Comment