Friday, August 28, 2015

কোরবানির জন্য ঢাকায় ৪৯৩, চট্টগ্রামে ২০টি স্থান নির্ধারণ

ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু জবাই করার জন্য ঢাকা মহানগরীতে ৪৯৩টি ও চট্টগ্রামে ২০টি স্থান নির্ধারণ করে দিবে সরকার। এসব নির্ধারিত স্থানে পশু কোরবানি করার জন্য তিন সিটি করপোরেশনকে অনুরোধ জানাবে সরকার। স্থানীয় সরকার মন্ত্রণালয়ে মহানগরীতে কোরবানির ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত বৈঠক শেষে স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক সাংবাদিকদের এ কথা বলেন।
আবদুল মালেক বলেন, ‘নগরের আবর্জনা পরিষ্কার করার স্বার্থে নির্দিষ্ট স্থানে কোরবানির পশু জবাই করা হলে পরিষ্কার করে নিতে সুবিধা হবে। নিজের বাড়ির সামনে করলে কাজটি কঠিন হয়ে যাবে।’
তিনি আরো বলেন, ‘এ ব্যাপারে সবাইকে আমরা অনুরোধ জানাচ্ছি। বিষয়টি বাধ্যতামূলক নয়। তবে নির্দিষ্ট এলাকার বাইরে পশু জবাই করলে তা নিজ দায়িত্বে পরিষ্কার করে নেওয়ার অনুরোধ থাকবে।’
সচিব আরো জানান, কোরবানির পশু জবাই করার ঢাকা মহানগরীতে ৪৯৩টি স্থান নির্ধারণ করে দেওয়া হবে। নগরের মানুষ যেন বিষয়টি মেনে চলে সে ব্যাপারে লক্ষ রাখার জন্য ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনকে অনুরোধ জানিয়েছে স্থানীয় সরকার। একইভাবে চট্টগ্রাম মহানগরীতে ২০টি স্থান নির্ধারণ করে দেবে সরকার।
রাজধানীতে ১৬টি হাট
বৈঠক শেষে স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক জানিয়েছেন, রাজধানী কোরবানির পশুর হাটের জন্য ১৬টি স্থান নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ছয়টি এবং দক্ষিণ সিটি করপোরেশনে ১০টি স্থানে পশুর হাট বসতে পারবে। এ ব্যাপারে দুই সিটি করপোরেশনকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। সভায় সিটি করপোরেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment