Saturday, August 8, 2015

নিলয় হত্যার প্রতিবাদে গণজাগরণ মঞ্চের সমাবেশ

ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় হত্যার প্রতিবাদে গতকাল শাহবাগ এলাকায় বিক্ষোভ মিছিল করেন গণজাগরণ মঞ্চের কর্মীরা l প্রথম আলো
গণজাগরণ মঞ্চের কর্মী ও ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় ওরফে নিলয় হত্যাকাণ্ডের প্রতিবাদে তাৎক্ষণিক মিছিল ও সমাবেশ করেছে গণজাগরণ মঞ্চ। এ ছাড়া বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠন এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে।
গতকাল শুক্রবার দুপুরে নিলয় হত্যাকাণ্ডের খবর পেয়েই গণজাগরণ মঞ্চের কর্মী-সংগঠকেরা রাজধানীর শাহবাগে আসতে থাকেন। জামায়াতের নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি বাদ দিয়ে নিলয় হত্যার প্রতিবাদে স্লোগানমুখর হয়ে ওঠে জাতীয় জাদুঘরের সামনের এলাকা।
পরে আনুষ্ঠানিক সমাবেশে গণজাগরণ মঞ্চের বিভিন্ন পর্যায়ের কর্মী-সংগঠকেরা বক্তব্য দেন। তাঁরা দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে একটি প্ল্যাটফর্ম গঠন করে ব্লগার হত্যার প্রতিবাদ জোরদার করার আহ্বান জানান।
সমাবেশে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, সরকার ব্লগার ও মুক্তমনা মানুষদের নিরাপত্তার কথা ভাবছে না। একের পর এক ব্লগারদের হত্যা করা হচ্ছে। কিন্তু কোনো ঘটনার সুরাহা হচ্ছে না, বিচার হচ্ছে না। বিচারহীনতার সংস্কৃতি বাংলাদেশের ছাপান্ন হাজার বর্গমাইলের পুরোটাই গ্রাস করেছে।
ইমরান এইচ সরকার বলেন, যে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গণজাগরণ মঞ্চ গড়ে উঠেছে, সেসব যুদ্ধাপরাধীর মাত্র দুজনের ফাঁসি হয়েছে। কিন্তু এই সময়ে গণজাগরণ মঞ্চের সঙ্গে যুক্ত অন্তত ২২ জনকে জীবন দিতে হয়েছে। এই লাশের মিছিল বইবার শক্তি বাংলাদেশের মানুষের আর নেই। তিনি সবাইকে দলমত-নির্বিশেষে মৌলবাদ, জঙ্গিবাদের বিরুদ্ধে একসঙ্গে মাঠে নামার আহ্বান জানান।
পরে মঞ্চের কর্মী-সংগঠকেরা একটি বিক্ষোভ মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা প্রদক্ষিণ শেষে আবার শাহবাগে ফিরে আসেন। সেখানে রাত পর্যন্ত অবস্থান করেন তাঁরা।
ব্লগার নিলয় হত্যার প্রতিবাদে নিন্দা জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও বাংলাদেশ যুব মৈত্রীও।

No comments:

Post a Comment