Sunday, August 2, 2015

মোবাইলে পাঁচ হাজারের বেশি লেনদেনে ছবি তুলতে হবে

মোবাইলে পাঁচ হাজার টাকার বেশি লেনদেন হলেই প্রেরকের ছবি তুলে রাখতে হবে। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অপরাধের ঝুঁকি কমাতে আজ রোববার এই নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মোবাইল ব্যাংকিংয়ে ব্যবহার করা সব ধরনের সিম কার্ড নতুন করে পুনঃ নিবন্ধন করার কথাও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে মোবাইল ব্যাংকিংয়ে জড়িত সব ব্যাংক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতি আজ রোববার জারি করা নির্দেশনায় বলা হয়, ছয় মাসের মধ্যে এ ব্যবস্থা কার্যকর করতে হবে। এ ছাড়া প্রতি মাসেই অগ্রগতি প্রতিবেদন দিতে হবে।
বাংলাদেশ ব্যাংকের চিঠিতে বলা হয়, মোবাইল ব্যাংকিংর হিসাব খোলার জন্য ‘গ্রাহকদের জানো’ নামে যে নির্ধারিত ফরম (কেওয়াইসি ফরম) আছে, তার তথ্যের সঙ্গে জাতীয়পত্রের তথ্যের মিল থাকতে হবে। এই ব্যবস্থা নির্ভুল করতে আগামী ছয় মাসের মধ্যে সব গ্রাহকের সিম নতুন করে নিবন্ধন করতে হবে। নিবন্ধবিহীন সিম ব্যবহার করা যাবে না। পুনঃনিবন্ধনের প্রমাণপত্র এজেন্টদের মাধ্যমে সংগ্রহের পর যাচাই করে মোবাইল ব্যাংকিংয়ে জড়িত ব্যাংক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সংরক্ষণ করতে হবে। পাঁচ হাজার টাকার বেশি লেনদেন হলেই এজেন্ট সেই গ্রাহকের ছবি তুলে লেনদেনের তথ্যের সঙ্গে তা সংরক্ষণ করবেন। নতুন করে গ্রাহকদের সিম নিবন্ধনের ব্যাপারে প্রতিষ্ঠানগুলোকে প্রচার চালাতে হবে।
উল্লেখ্য, দেশে ২৮টি অনুমোদিত ব্যাংকের মধ্যে বর্তমানে ২০টি ব্যাংক মোবাইল ব্যাংকিং করছে। মোবাইল ব্যাংকিংয়ে গ্রাহক রয়েছে দুই কোটি ৮৬ লাখ। এদের মধ্যে এক কোটি ২২ লাখ গ্রাহক নিয়মিত লেনদেন করেন। এ জন্য এজেন্ট আছে ৫ লাখ ৩৮ হাজার। বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুসারে, প্রতিদিন এসব গ্রাহকেরা ৪২০ থেকে ৪৩২ কোটি টাকা লেনদেন করেন।

No comments:

Post a Comment