Thursday, November 26, 2015

আটক নেতাকর্মীদের মুক্তি দাবি বিএনপির

মামলা প্রত্যাহার ও আটক নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়েছে বিএনপি। গতকাল এক বিবৃতিতে দলের মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন এ দাবি জানান। বিবৃতিতে তিনি বলেন, সারা দেশে বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও গ্রেপ্তারের অংশ হিসেবেই নোয়াখালী জেলা ছাত্রদল সভাপতি নুরুল আমিন খান, শহর যুবদল দপ্তর সম্পাদক আবু হানিফ, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা কামাল হোসেন, শহর ছাত্রদল যুগ্ম সম্পাদক রাইসুল হায়দার বাবু, শহর যুবদল নেতা মিজানুর রহমান এবং আবদুল হাই বুলু’র জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। আমরা এ ধরনের ঘটনার নিন্দা জানাচ্ছি। সেই সঙ্গে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করে তাদের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানাচ্ছি। অপর এক বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব ও নোয়াখালী জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শাহজাহান জেলা ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল নেতাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নিন্দা জানিয়ে অবিলম্বে তাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি দাবি করেন। ওদিকে আলাদা বিবৃতিতে ছাত্রদলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান নোয়াখালী জেলা ছাত্রদল সভাপতি নুরুল আমিন খানের জামিন নামঞ্জুর এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা ইকবাল হোসেনকে ছাত্রলীগ কর্তৃক মারধরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বিবৃতিতে ছাত্রদল নেতারা বলেন, আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে দেশের মানুষ যখন ঐক্যবব্ধ এবং প্রতিবাদী হয়ে উঠেছে ঠিক তখনই ক্ষমতালোভী বর্তমান শাসকগোষ্ঠী গণবিস্ফোরণের ভয়ে স্বৈরাচারীত্বের শেষ সীমানা অতিক্রম করে দমন পীড়নে নাগরিক জীবনকে দুর্বিষহ করে তুলেছে। নেতৃদ্বয় অবিলম্বে সকল ছাত্রনেতার নামে করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হামলাকারী ছাত্রলীগ সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি করেন।যুবদলের নিন্দা: ওদিকে আলাদা বিবৃতিতে কিশোরগঞ্জ জেলা যুবদল নেতা জি এস শরীফকে কারাগারে পাঠানোর নিন্দা জানিয়েছে জাতীয়তাবাদী যুবদল। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে যুবদলের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব এ নিন্দা জানান। বিবৃতিতে তারা বলেন, হাইকোর্টের জামিন থাকলেও তাকে জামিন কেটে কারাগারে পাঠানো হয়েছে। যা সম্পূর্ণ অমানবিক। এভাবে অমানবিক কাজ করে সরকার সারা দেশে ভীতিকর ও নৈরাজ্যকর পরিস্থিতির অবতারণা করছে।

No comments:

Post a Comment