যুক্তরাষ্ট্র থেকে দেশে পৌঁছেছে বাংলাদেশ নৌবাহিনীর নতুন যুদ্ধজাহাজ
‘সমুদ্র অভিযান’। যুক্তরাষ্ট্র থেকে সংগ্রহ করা জাহাজটি গতকাল চট্টগ্রাম
এসে পৌঁছায়। উচ্চ ক্ষমতাসম্পন্ন এই কার্টার জাহাজটি দৈর্ঘ্যে ১১৫ মিটার ও
প্রস্থে ১৩ মিটার। যা প্রায় ২৯ নটিক্যাল মাইল গতিতে চলতে সক্ষম। নতুন এই
যুদ্ধজাহাজটি দেশের বিস্তীর্ণ সমুদ্র এলাকায় নিরাপত্তা রক্ষার কাজে নিয়োজিত
থাকবে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, জাহাজটি
চট্টগ্রাম নৌ জেটিতে এসে পৌঁছলে নৌবাহিনীর ঐতিহ্যবাহী রীতিতে জাহাজটিকে
স্বাগত জানানো হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমান্ডার
চট্টগ্রাম নৌ-অঞ্চল রিয়ার এডমিরাল আখতার হাবিব। এ সময় চট্টগ্রাম নৌ
অঞ্চলের আঞ্চলিক কমান্ডারগণ, উচ্চপদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তা, নাবিক ও
জাহাজে আসা নৌ কর্মকর্তা ও নাবিকদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। ১৯৬৮
সালের ১৬ই নভেম্বর যুক্তরাষ্ট্র কোস্টগার্ডের অধীনে এর যাত্রা শুরু হয়।
পরে যুক্তরাষ্ট্র কোস্টগার্ড জাহাজটিকে গত ৩রা ফেব্রুয়ারি ডি-কমিশন করে। গত
৫ই মে যুক্তরাষ্ট্র কোস্টগার্ড জাহাজটি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর
কাছে হস্তান্তর করে। জাহাজটি বাংলাদেশ নৌবহরে ৯ম ফ্রিগেট স্কোয়াড্রনে
অন্তর্ভুক্ত করা হয়েছে। আইএসপিআর জানিয়েছে, জাহাজের ক্রুদের প্রয়োজনীয়
প্রশিক্ষণের লক্ষ্যে বিভিন্ন সময়ে ২১ জন অফিসার ও ১৫৭ জন নাবিকসহ সর্বমোট
১৭৮ জন যুক্তরাষ্ট্র যান এবং ব্যবহারিক প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ
শেষে জাহাজটির অধিনায়ক ক্যাপ্টেন এম ওয়াসিম মাকসুদের নেতৃত্বে গত ১১ই
অক্টোবর যুক্তরাষ্ট্র কোস্টগার্ড ঘাঁটি আলামেডা থেকে বাংলাদেশের উদ্দেশে
যাত্রা করে। বাংলাদেশে আসার সময় জাহাজটি যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া ও
ফিলিপাইনের বিভিন্ন বন্দরে যাত্রাবিরতি করে।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment