Friday, November 27, 2015

চট্টগ্রামে ম্যাজিস্ট্রেটের ওপর হামলা পুলিশের গুলি

চট্টগ্রামে অবৈধ উচ্ছেদ করতে গিয়ে হামলা চালানো হয়েছে ভ্রাম্যমাণ আদালতের ওপর। এ সময় ম্যাজিস্ট্রেট নাজিয়া শারমীন প্রাণে বাঁচলেও পুলিশ ১০ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গতকাল দুপুরে নগরীর বিশ্বকলোনি    সংলগ্ন লেকসিটিতে ঘটে এ ঘটনা। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, দুপুর একটায় চট্টগ্রাম সিটি করপোরেশনের লেকসিটি হাউজিং সোসাইটিতে গেলে সেখানে জড়ো হন স্থানীয় প্রভাবশালী ব্যক্তি। তারা এ সময় ম্যাজিস্ট্রেট নাজিয়াকে সেখান থেকে চলে যাওয়ার নির্দেশ দেন। বলেন, ভালো ভালোয় চলে যান। দীর্ঘদিন ধরে এখানে আমরা বসবাস করছি। অবৈধ কোন দখলদার নেই। গায়ের জোরে কিছু করবেন না। এ কথার পর বাগবিতণ্ডা শুরু হলে সেখানে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে ধাওয়া-পাল্টা হলে হামলা চালায় স্থানীয় অবৈধ দখলদাররা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১০ রাউন্ড গুলি ছোড়ে। দখলদাররা ছত্রভঙ্গ হয়ে যাওয়ার পরও বিক্ষিপ্তভাবে ইটপাটকেল নিক্ষেপ করে ভ্রাম্যমাণ আদালতের ওপর। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে শক্তিশালী একটি সিন্ডিকেট সেখানে বস্তি গড়ে অবৈধভাবে টাকা আদায় করছিল। এই ঘটনা জানার পর ম্যাজিস্ট্রেট নাজিয়া শারমীনের নেতৃত্বে একটি দল গতকাল সেখানে যায়। এ সময় কিছু ব্যক্তি রাজনৈতিক পরিচয়ে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় লিপ্ত হয়। জানতে চাইলে এই বিষয়ে কথা হয় স্থানীয় আকবর শাহ থানার ওসি সদীপ কুমার দাশের সঙ্গে। তিনি বলেন, ঘটনা সত্যি। আসলে লেকসিটির ওই এলাকার হাউজিং সোসাইটির জায়গা নিয়েই মূলত উচ্ছেদ। তবে যারা দখল করে রেখেছিল তাদের আজ (গতকাল) উচ্ছেদ করা হয়েছে। এ সময় তারা অবশ্য একটু ঝামেলা করেছিল। তিনি আরও বলেন, অভিযান চালাতে গিয়ে পুলিশকে ফাঁকা গুলি ছুঁড়তে হয়েছে। কারণ দখলদাররা সেখানে সিন্ডিকেট করে দলে দলে হামলা চালাতে জড়ো হচ্ছিল। ভ্রাম্যমাণ আদালতের একটি সূত্র জানায়, চট্টগ্রামের বিভিন্ন জায়গায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে একটি তালিকা প্রস্তুত করা হয়েছে। যেখানে অনেক সরকারি জায়গা বেহাত হয়ে গেছে। এসব জায়গা পুনরুদ্ধারে চেষ্টা চালাচ্ছে কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট। তবে এ কাজ করতে গিয়ে বারবারই হামলার শিকার হচ্ছেন তিনি। সর্বশেষ চট্টগ্রামের টাইগার পাসে বিলবোর্ড উচ্ছেদ করতে গেলে যুবলীগ নামধারী একজন নেতা তাকে প্রকাশ্যে গুলি করার হুমকি দেন। এদিকে অপর এক অভিযানে বন্দর নগরীর অভয়মিত্র ঘাট এলাকায় ৬০ শতক জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল হাশেম এ অভিযানের নেতৃত্ব দেন। ২০০৪ সালে দখলকারীদের লিজের মেয়াদ শেষ হলে তা ছেড়ে দেয়ার জন্য নোটিশ দেয়া হয়। কিন্তু বারবারই তা আদালতে রিট করে পেছানো হয়।

No comments:

Post a Comment