বগুড়ার শিবগঞ্জে শিয়া মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় বৃটিশ নাগরিকদের
বাংলাদেশ ভ্রমণে ফের সতর্ক করেছে দেশটির সরকার। বৃটিশ পররাষ্ট্র দপ্তরের
অফিসিয়াল ওয়েবসাইটে এ সংক্রান্ত নতুন সতর্কবার্তা প্রচার করা হয়েছে। সেখানে
২৬শে নভেম্বর বগুড়ার শিয়া মসজিদের ওই আক্রমণের ঘটনায় একজন নিহত এবং ৩ জন
আহত হওয়ার বিষয়টি উল্লেখ করে বলা হয়েছে- ‘বাংলাদেশে সন্ত্রাসবাদের বড় ধরনের
হুমকি রয়েছে এবং এখানে তোমাদের (বৃটিশ নাগরিক) প্রত্যেককে সজাগ-সতর্ক
থাকতে হবে।’ ইউকে গভর্মেন্টের ফরেন ট্রাভেল এডভাইস ডিপার্টমেন্টের টেরোরিজম
সেকশনেও বগুড়ার হামলার বিষয়টি আপডেট করা হয়েছে। সেখানে দুই বিদেশী হত্যাসহ
গত দু’মাসে যে সব চাঞ্চল্যকর হত্যা ও হত্যা চেষ্টার ঘটনা ঘটেছে তার উল্লেখ
করে বলা হয়েছে, চলতি বছরের সেপ্টেম্বর থেকে বাংলাদেশে অনেকগুলোর সন্ত্রাসী
হামলার ঘটনা ঘটেছে। ওই হামলার মধ্যে রয়েছে দু’জন বিদেশীকে গুলি করে হত্যা
এবং ইতালিয়ান একজন ধর্মযাজককে হত্যার চেষ্টা। এর অতিরিক্ত হিসাবে আছে শিয়া
সমপ্রদায়ের ওপর দু’দফা আঘাত। যেখানে ৩ জন প্রাণ হারিয়েছেন। ঢাকায় পুলিশের
এক চেকপোস্টে হামলার ঘটনা ঘটেছে, যেখানে ছুরিকাঘাতে একজন পুলিশ সদস্য নিহত
হয়েছেন। ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লেভেন্ট (আইএসআইএল) ওই সব ঘটনার
দায় স্বীকার করেছে। এসব ঘটনা বিবেচনায় বৃটেন মনে করে বিশ্বব্যাপী
যুক্তরাজ্যের নাগরিক এবং দেশটির স্বার্থের ওপর সন্ত্রাসবাদের আক্রমণের বড়
ধরনের হুমকি রয়েছে। সিরিয়া এবং ইরাকের সংঘাতে প্রভাবিত কিছু স্বার্থান্বেষী
গোষ্ঠী ও ব্যক্তির পক্ষ থেকে এটি হতে পারে। এ অবস্থায় প্রত্যেক নাগরিকের
(বৃটিশ) সতর্ক থাকা উচিত। উল্লেখ্য, বগুড়ার বর্বর ওই ঘটনার পর দেয়া এক
বিবৃতিতে ঢাকাস্থ বৃটিশ হাইকমিশনার রবার্ট গিবসন হামলার নিন্দা ও গভীর
উদ্বেগ প্রকাশ করেছেন। এ সব ঘটনার পেছনের কারণ অনুসন্ধানে তিনি আন্তর্জাতিক
সহয়োগিতার ওপর জোর দিয়েছেন।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment