তাজরীন ফ্যাশনসের অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ও নিখোঁজ পোশাক শ্রমিকদের পরিবারের সদস্যরা ক্ষতিপূরণের অর্থ আগামী বছরের জানুয়ারিতে শুরু হয়ে শেষ হবে এপ্রিলে। পুরো প্রক্রিয়া সমন্বয় করতে সম্প্রতি গঠিত হয়েছে তাজরীন ক্লেইমস অ্যাডমিনিস্ট্রেশন ট্রাস্ট (টিসিএ ট্রাস্ট)। তাজরীনের ঘটনায় ক্ষতিপূরণ দেয়ার জন্য গত বছর আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) তত্ত্বাবধানে জার্মানভিত্তিক খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান সিঅ্যান্ডএ, সিঅ্যান্ডএ ফাউন্ডেশন, শ্রমিক অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন ইন্ডাস্ট্রিয়াল গ্লোবাল ইউনিয়ন ও ক্লিন ক্লথ ক্যাম্পেইন একটি চুক্তি করে। তাদের সমন্বয়ে তাজরীন কো-অর্ডিনেশন কমিটি গঠিত হয়। সেই ধারাবাহিকতায় গত সেপ্টেম্বরে টিসিএ ট্রাস্ট গঠনের সিদ্ধান্ত হয়। ট্রাস্টের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আজ ২৪শে নভেম্বর। তিন বছর আগে ২০১২ সালের এই দিনে আশুলিয়ার নিশ্চিন্তপুরে তোবা গ্রুপের তাজরীন ফ্যাশনস নামের তৈরী পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১১৪ জন শ্রমিক দগ্ধ হয়ে মারা যান। আহত হন অনেক শ্রমিক। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ই অক্টোবর থেকে তাজরীনের ঘটনায় নিহত ও নিখোঁজ শ্রমিকের পরিবারের সদস্য ও আহত শ্রমিকদের দাবি পূরণ শুরু হয়েছে। আহত শ্রমিকদের স্বাস্থ্যগত মূল্যায়ন বা মেডিকেল অ্যাসেসমেন্ট করবে সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি দল। ইতিমধ্যে এই কমিটি স্বাস্থ্যগত মূল্যায়নের কাজ শুরু করেছে। এ ছাড়া ক্ষতিপূরণের অর্থ ডাচ্-বাংলা ব্যাংকের মাধ্যমে পাঠানো হবে। এ জন্য দাবিনামা নিবন্ধনের দিনই প্রত্যেক ভুক্তভোগীর জন্য আলাদা করে ডাচ্-বাংলায় হিসাব খোলা হচ্ছে। সব মিলিয়ে রানা প্লাজা ধসের পর যে প্রক্রিয়ায় ক্ষতিপূরণ দেয়া হয়েছিল, এবারও সেটিই অনুসরণ করা হচ্ছে। বিজ্ঞপ্তির মাধ্যমে টিসিএ ট্রাস্টের নির্বাহী কমিশনার মুজতাবা কাজাজি বলেছেন, আইএলও, বাংলাদেশ সরকার ও চুক্তিতে স্বাক্ষর করা সংস্থাগুলোর সহায়তায় টিসিএ ট্রাস্ট এগিয়ে যাচ্ছে। তাজরীনের অগ্নিকাণ্ডের ঘটনায় শারীরিকভাবে কষ্ট ও মানসিকভাবে আঘাত পেয়েছেন এমন শ্রমিক ও তাদের পরিবার ক্ষতিপূরণ পাবে। ট্রাস্টের ওয়েবসাইট থেকে জানা যায়, তাজরীনের ঘটনায় ভুক্তভোগীরা সর্বনিম্ন ১০ লাখ টাকা পাবেন। ক্ষতিপূরণ দেয়ার জন্য এখন পর্যন্ত জমা হয়েছে ২১ লাখ ৫০ হাজার ডলার। এর মধ্যে সিঅ্যান্ডএ ফাউন্ডেশন ১০ লাখ ডলার, হংকংভিত্তিক লি অ্যান্ড ফাং গ্রুপের ফাং ফাউন্ডেশন ১০ লাখ ডলার এবং জার্মানভিত্তিক ডিসকাউন্ট রিটেইলার কিক দিয়েছে দেড় লাখ ডলার।ক্ষতিপূরণ দেয়ার প্রশাসনিক খরচের পুরোটাই দেবে সিঅ্যান্ডএ ফাউন্ডেশন। তার মানে ব্র্যান্ড, ক্রেতাপ্রতিষ্ঠান ও অন্য সংস্থার দেয়া পুরো অর্থই ভুক্তভোগীরা পাবেন।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment