Monday, November 30, 2015

আপিলে বহাল ফখরুলের জামিন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেয়া হাইকোর্টের জামিন আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সোমবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। আসামিপক্ষে শুনানিতে অংশ নেন- অ্যাডভোকেট জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। শুনানি শেষে মির্জা ফখরুলের প্যানেল আইনজীবী ব্যারিস্টার এহসানুর রহমান জামিন বহাল থাকার বিষয়টি জানিয়েছেন। গত ২৪শে নভেম্বর হাইকোর্টের একটি বেঞ্চ মির্জা ফখরুলকে তিন মাসের জামিন দেন। এর আগে গত ২রা নভেম্বর মির্জা ফখরুলকে আত্মসমর্পণ করার নির্দেশ দেন আপিল বিভাগ। ৩রা নভেম্বর ফখরুল বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে গেলে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ  দেন আদালত। নাশকতায় উসকানি, প্ররোচনা এবং পরিকল্পনা অনুযায়ী পল্টন ও মতিঝিল এলাকায় হরতালের মধ্যে গাড়ি ভাঙচুরের অভিযোগে ফখরুলের বিরুদ্ধে তিনটি মামলা করা হয়। গত ৪ ও ৬ জানুয়ারি পল্টন ও মতিঝিল থানা পুলিশ মামলাগুলো দায়ের করে।

No comments:

Post a Comment