Thursday, November 26, 2015

অপহরণের ২৮ দিনেও খোঁজ নেই সাইফুদ্দীনের

আমার ভাই নিরীহ প্রকৃতির। কোন দল ও গোষ্ঠীর সঙ্গে জড়িত নন। প্রতিবেশীদের সঙ্গে তার ভালো সম্পর্ক। কারও সঙ্গে বিরোধ নেই। অথচ বাড়ি থেকে প্রকাশ্যে দিবালোকে র‌্যাবের পরিচয়ে তাকে অপহরণ করা হয়েছে। ইতিমধ্যে ২৮ দিন পার হয়েছে। অথচ তার নিখোঁজের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী কিছু জানে না। আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে দিন কাটাচ্ছি। আবেগাপ্লুত অবস্থায় এসব কথা বলেছেন শিল্পপতি মো. সাইফুদ্দীনের (৩৮) ছোট ভাই মো. আলাউদ্দীন। তিনি অবিলম্বে ভাইয়ের সন্ধানের দাবি জানান।
পরিবারের সদস্যরা জানান, লালবাগ থানার পশ্চিম শহীদনগরের ১১৮/৬ নম্বর চার তলা বাড়ির তিন তলায় পরিবারের সঙ্গে থাকতেন সাইফুদ্দীন। গত ২৮শে অক্টোবর সকালে তার বাসার সামনে একটি নেভি ব্লু রঙের গাড়ি দাঁড়ায়। ওই গাড়িতে সাদা পোশাকে পাঁচজন যুবক ছিল। তারা নিজেদের র‌্যাবের লোক বলে পরিচয় দেয়। পরে ওই বাড়ির তৃতীয় তলার দরজা নক করে। এ সময় সাইফুদ্দীন নিজেই দরজা খুলে দেন। তখনি তারা সাইফুদ্দীনকে গাড়িতে করে নিয়ে যান। ওই সময় পরিবারের সদস্যরা র‌্যাবের পরিচয় দানকারী সদস্যদের কাছে জানতে চান, কোন অপরাধে তাকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে? তখন তারা কোন উচ্চবাচ্চ করলে মেরে ফেলার হুমকি দেয়। তারা সাইফুদ্দীনকে হাত বেঁধে গাড়িতে করে তুলে নিয়ে চলে যায়। স্থানীয় লোকজন তা দেখেছেন। তাকে গাড়িতে তোলার সময় পরিবারের সদস্যরা কান্নাকাটি করছিলেন। তারা স্থানীয় লোকজনকে এগিয়ে আসার জন্য বলেছিলেন। কিন্তু, কেউ সাহস করে এগিয়ে আসেননি। এরপর পরিবারের সদস্যরা র‌্যাবের হেডকোয়ার্টারে ও র‌্যাব-১-এ যোগাযোগ করলে তারা সাইফুদ্দীনকে আটকের বিষয়ে অস্বীকার করে। এরপর তারা লালবাগ থানায় একটি জিডি করেন। শিল্পপতির ভাই মো. আলাউদ্দীন জানান, লালবাগের শহীদনগরের তারা স্থানীয় বাসিন্দা। তার ভাইয়ের মিটফোর্ড এলাকায় ‘বিসমিল্লাহ মেটাল ইন্ডাস্ট্রিজ’ নামে একটি অ্যালুমিনিয়াম কারখানা আছে। তিনি আরও জানান, তার ভাই কোন রাজনৈতিক দল বা সমিতির সঙ্গে যুক্ত নন। থানায় কোন জিডিও নেই। তাকে র‌্যাবের পরিচয় দিয়ে অপহরণ করা হয়েছে। কিন্তু, র‌্যাব বিষয়টি অস্বীকার করেছে। থানা পুলিশও জানে না। আমরা এখন দিশাহারা। ভাইয়ের ভাগ্যে কী ঘটেছে তা আমরা জানতে পারেনি। সাইফুদ্দীনের ম্যানেজার বাদশা মিয়া জানান, ঢাকার বাইরে তাদের একাধিক কারখানা আছে। দুই মাস আগে সিরাজগঞ্জ সদর থানা এলাকায় তিনি আসাদুল ও পলাশ নামে দুই ব্যক্তির মাধ্যমে একটি রাইস মিল কিনেছেন। মিল কিনে সহযোগিতা করার জন্য ওই দুজন সাইফুদ্দীনের কাছে ২ লাখ টাকা দাবি করে। কিন্তু, সাইফুদ্দীন ওই টাকা দিতে রাজি ছিলেন না। ওই ঘটনার জেরে তাকে অপহরণ করা হয়েছে বলে আমরা ধারণা করছি।অপহৃতের স্ত্রী সুলতানা বেগম জানান, আমি চার সন্তান নিয়ে চরম উৎকণ্ঠায় আছি। বাড়ি থেকে আমার স্বামীকে র‌্যাবের পরিচয়ে অপহরণ করা হয়েছে। কিন্তু, তার এখনও হদিস পাওয়া যাচ্ছে না। সবাই দুশ্চিন্তার মধ্যে আছি। স্থানীয় কাপড় ব্যবসায়ী শহিদুল ইসলাম জানান, সাইফুদ্দীন এলাকার সমাজসেবায় নিবেদিতপ্রাণ। এমন একজন নিরীহ মানুষকে বাসা থেকে অপহরণ করা হয়েছে। কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। তার নিখোঁজ হওয়ার বিষয়টি এলাকাবাসীকে ভাবিয়ে তুলেছে। আমরা এলাকাবাসীর পক্ষে সংশ্লিষ্ট থানা ও র‌্যাবের সঙ্গে যোগাযোগ করেছি। এ বিষয়ে র‌্যাব-১-এর সিও তুহিন আবদুল মালেক জানান, সাইফুদ্দীন নামে এমন কারও নাম শুনেনি। এমন কাউকে আটক করা হয়নি।

No comments:

Post a Comment