Tuesday, December 1, 2015

‘নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন’

বর্তমান নির্বাচন কমিশনকে অক্ষম, নতজানু ও মেরুদণ্ডহীন বলে আখ্যায়িত করেছেন বিএনপির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন। আজ দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। ইসির সমালোচনা করে ড. রিপন বলেন, পৌর নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে বিএনপি নির্বাচন কমিশনের কাছে কিছু পর্যবেক্ষণ ও দাবি তুলে ধরেছিল। কিন্তু দুঃখের সঙ্গে লক্ষ্য করছি, কমিশন এসব দাবি নিরসনের  কোন পদক্ষেপ নেয়নি। আমরা প্রতীকীভাবে ১৫ দিন সময় বাড়ানোর কথা বলেছিলাম। এর জন্য এক মাস সময় লাগলে লাগতে পারত, তাহলে সমস্যা কি হতো। এর মধ্য দিয়ে ৫০ লাখ নতুন ভোটার নির্বাচনের সঙ্গে যুক্ত হতে পারতো।  পৌর নির্বাচন না পিছিয়ে ৫০ লাখ নতুন ভোটারকে তাদেরকে ভোট  দেয়া থেকে নির্বাচন কমিশন বঞ্চিত করেছে বলে অভিযোগ করেন আসাদুজ্জামান রিপন। তাবলীগ জামাত ও এসএসসি পরীক্ষার জন্য নির্বাচন না পেছানোর বিষয়ে তিনি বলেন, এক পরীক্ষা  থেকে আরেক পরীক্ষার মধ্যে চার দিনের গ্যাপে এ নির্বাচন করা সম্ভব ছিল। যদি কমিশনের সদিচ্ছা থাকতো। বিএনপি মুখপাত্র বলেন, আমরা সম্ভাব্য প্রার্থী ও নেতা-কর্মীদের গণগ্রেপ্তার বন্ধের দাবি করেছিলাম। এরপরও গতকাল ময়মনসিংহের নান্দাইল উপজেলার বর্তমান মেয়র ও বিএনপির সহসভাপতি এ এফ এম আজিজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় মেহেরপুরে ক্রসফায়ারে বিএনপির নেতা রমজান  শেখকে হত্যার নিন্দা জানান রিপন।  এ ঘটনায় উচ্চ পর্যায়ের বিচারবিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে দলের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক, সহদপ্তর সম্পাদক আবদুল লতিফ, আসাদুল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment