Thursday, December 31, 2015

চার পরীক্ষার ফল প্রকাশ

প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও জুনিয়র স্কুল সার্টিফিকেটসহ (জেএসসি) চারটি পাবলিক পরীক্ষার ফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকে পাসের হার ৯৮.৫২ শতাংশ।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান।
বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ে সংবাদ সম্মেলনে প্রাথমিক সমাপনীর ফলের বিস্তারিত তুলে ধরবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী। এছাড়া বেলা আড়াইটায় সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জেএসসি-জেডিসির ফলাফলের বিস্তারিত জানানোর কথা রয়েছে।
পিইসিতে সাত বিভাগের মধ্যে রাজশাহীতে ৯৯ শতাংশ, খুলনায় ৯৮ দশমিক ৯৭, রংপুরে ৯৮ দশমিক ৫৬ শতাংশ , ঢাকায়-৯৮ দশমিক ৭৪ শতাংশ, চট্টগ্রামে ৯৮ দশমিক ৪১ শতাংশ, সিলেটে ৯৬ দশমিক ৭৯ ও বরিশালে ৯৮ দশমিক ৩০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
প্রাথমিকের ফল যে কোনো মোবাইল ফোন থেকে DPE লিখে স্পেস দিয়ে থানা/উপজেলার কোড নম্বর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৫ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে।
ইবতেদায়ীর ফলের জন্য EBT লিখে স্পেস দিয়ে থানা/উপজেলার কোড নম্বর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৫ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।
এই এসএমএস লেখার সময় সরকারি অথবা রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের EMIS কোড নম্বরের প্রথম পাঁচ সংখ্যা উপজেলা/থানা কোড হিসেবে ব্যবহার করতে হবে; যা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট, সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিস, উপজেলা/থানা শিক্ষা অফিস ও প্রাথমিক বিদ্যালয় থেকে জানা যাবে।
আর জেএসসি-জেডিসির ফল জানা যাবে শিক্ষাবোর্ডগুলোর ওয়েবসাইট (www.educationboardresults.gov.bd) ছাড়াও সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট থেকে।
যে কোনো মোবাইল থেকে JSC/JDC লিখে স্পেস দিয়ে নিজ বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৫ লিখে এসএমএস করলে ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে।
প্রসঙ্গত, ১ থেকে ১৮ নভেম্বর জেএসসি-জেডিসিতে অংশ নেয় ২৩ লাখ ২৫ হাজার ৯৩৩ জন শিক্ষার্থী। এরপর ২২ থেকে ৩০ নভেম্বর ৩২ লাখ ৫৪ হাজার ৫১৪ জন শিক্ষার্থী প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় বসে।

No comments:

Post a Comment