Saturday, December 5, 2015

দারুসসালামে পুলিশ সোর্সকে হত্যা

রাজধানীর দারুসসালামের মাজার রোড এলাকা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম হিটলু (৪৫)। তিনি পুলিশের সোর্স হিসেবে পরিচিত। গতকাল ময়নাতদন্ত শেষে হিটলুর লাশ তার স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। নিহতের স্বজনরা জানান, হিটলুর কোন শত্রু আছে জানা নেই তাদের। দারুস সালাম থানার কর্তব্যরত কর্মকর্তা (এসআই) শায়লা জানান, দারুস সালামের মাজার রোডের নিউ পাহাড়িকা টিম্বার নামে একটি কাঠের দোকানের সামনে হিটলুর লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে রাত ১টার দিকে লাশ উদ্ধার করে পুলিশ। তার শরীরের একাধিক স্থানে ছুরিকাঘাত করা হয়েছে। পুলিশের ধারণা পূর্ব-শত্রুতার জের ধরে অথবা ছিনতাইকারীরা তাকে হত্যা করেছে। হিটলুর স্ত্রী মিনারা জানান, রাত ১২টার দিকে হিটলুর সঙ্গে ফোনে কথা হয় তার। এ সময় কিছুক্ষণের মধ্যেই বাসায় ফিরছেন বলে জানান হিটলু। পুলিশের ধারণা ১২টার পরেই তাকে হত্যা করা হয়েছে। স্ত্রী, দুই ছেলে ও ভাইকে নিয়ে দারুস সালাম থানার জহুরাবাদ এলাকায় থাকতেন হিটলু। তার পিতা মৃত আসলাম হোসেন। হিটলু পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন জানিয়ে দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান বলেন, এছাড়া তার তেমন কোন পেশা ছিল না। পূর্ব-শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হতে পারে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

No comments:

Post a Comment