আসন্ন ২৩৪টি পৌর নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়ন ফরম বিতরণ শুরু
করেছে বিএনপি। গত রাত থেকে বিএনপি চেয়ারপারসন কার্যালয় থেকে এ মনোনয়ন ফরম
বিতণ শুরু হয়। আজ দুপুরের পর থেকে ফের মনোনয়ন ফরম বিতরণ শুরু হবে। বিএনপি
চেয়ারপারসনের কার্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে। এই প্রথম দলীয়
প্রতীকে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ৩০শে ডিসেম্বর ২৩৪টি
পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে অংশ নিতে ১৫ দিন নির্বাচন
পেছানোর শর্ত দিয়েছিল বিএনপি। তবে নির্বাচন কমিশন বিএনপির ওই দাবি নাকচ করে
দিয়েছে। বিএনপির একটি সূত্র জানিয়েছে, নির্বাচন না পেছালেও বিএনপি পৌর
নির্বাচনে অংশ নেবে। এদিকে গত শনিবার দলের যুগ্ম মহাসচিব মোহাম্মদ
শাহাজানকে দলের প্রার্থী প্রত্যয়নের ক্ষমতা দিয়ে নির্বাচন কমিশনে চিঠি দেন
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এছাড়া কয়েকদিন আগেই দলের স্থায়ী কমিটির
সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহাজান, আন্তর্জাতিক
সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, সহ-প্রচার সম্পাদক এমরান সালেহ প্রিন্সসহ
কয়েকজন নেতাকে দায়িত্ব দেন প্রার্থী তালিকা চূড়ান্ত করতে। ইতিমধ্যে তারা
দলের সম্ভাব্য প্রার্থী তালিকা চূড়ান্ত করেছেন। গুলশান কার্যালয়ের একটি
সূত্র জানিয়েছে, গত রাতে কয়েক জেলার পৌরসভার নির্বাচনের সম্ভাব্য বিএনপির
প্রার্থীকে মোহাম্মদ শাহজাহান স্বাক্ষরিত ধানের শীষ প্রতীকের মনোনয়ন ফরম
দেয়া হয়েছে। আজ দুপুরের পর ফের মনোনয়ন ফরম বিতরণ শুরু হবে। ওদিকে
বৃহস্পতিবার রাতে ২০ দলীয় জোটের বৈঠকে জোটবদ্ধভাবে পৌর নির্বাচনে অংশ নেয়ার
সিদ্ধান্ত হয়। সেই অনুযায়ী সম্ভাব্য প্রার্থী তালিকা বিএনপির দপ্তরে জমা
দিয়েছে জোটের শরিক দলগুলো। তবে শরিকদের কয়টি পৌরসভা ছেড়ে দেয়া হবে সে
ব্যাপারে এখনও কোন সিদ্ধান্ত হয়নি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর
রায় বলেন, যেসব পৌরসভায় নির্বাচন হচ্ছে সবগুলোতেই এখন আমাদের প্রার্থীরা
দাঁড়াবেন। কিন্তু যেদিন প্রতীক বরাদ্দ দেয়া হবে সেদিন আমাদের দলের
প্রার্থীদের ধানের শীষ প্রতীক দিয়ে একটি চিঠি দেয়া হবে। যেসব পৌরসভায়
সমঝোতার ভিত্তিতে ২০ দলীয় জোটের প্রার্থী দেয়া হবে সেসব পৌরসভায় বিএনপির
প্রার্থীরা সরে দাঁড়াবেন। একইসঙ্গে তারা জোটের প্রার্থীর পক্ষে কাজ করবেন।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment