Thursday, December 24, 2015

নৌবাহিনীতে সাবমেরিন আগামী বছর -চট্টগ্রামে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল চট্টগ্রামে বাংলাদেশ
নেভাল একাডেমি প্যারেড গ্রাউন্ডে কোর্স সমাপনী
কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং একাডেমিতে
অসামান্য দক্ষতা অর্জনকারী মিডশিপম্যানদের
ব্যাজ পরিয়ে দেন l ছবি: ফোকাস বাংলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী বছরের মাঝামাঝি দুটি সাবমেরিন যুক্ত হওয়ার মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী একটি ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত হবে। চট্টগ্রামে বাংলাদেশ নেভাল একাডেমি প্যারেড গ্রাউন্ডে গতকাল বুধবার একাডেমির মিডশিপম্যান এবং ডিইও ব্যাচের কোর্স সমাপনী কুচকাওয়াজ প্রেসিডেন্ট প্যারেড অনুষ্ঠানে ভাষণদানকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন। খবর বাসসের।
প্রধানমন্ত্রী বলেন, সাবমেরিন ঘাঁটি স্থাপন এবং সংশ্লিষ্ট অবকাঠামো নির্মাণকাজ চলছে এবং পটুয়াখালীর রাবনাবাদে অ্যাভিয়েশন সুবিধাসংবলিত দেশের এই বৃহত্তম নৌঘাঁটি স্থাপন করা হচ্ছে। শ্রীলঙ্কা থেকে একজন এবং ২৪ জন ডাইরেক্ট এন্ট্রি অফিসার্সসহ (ডিইও) মোট ৫৩ জন মিডশিপম্যান এ বছর কমিশন লাভ করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএমএ প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব এবং চট্টগ্রাম নেভাল এরিয়া কমান্ডার রিয়ার অ্যাডমিরাল এম আখতার হাবিব তাঁকে অভ্যর্থনা জানান। প্যারেড অনুষ্ঠানে মিডশিপম্যানদের ব্যাচ ও নৌবাহিনীর বিভিন্ন কন্টিনজেন্ট পাসিং আউটে অংশ নেয়। প্রধানমন্ত্রী কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।
মিডশিপম্যান ফাহিম উদ্দিন সাকিব সেরা মিডশিপম্যান নির্বাচিত হয়েছেন এবং তিনি ‘সোর্ড অব অনার’ গ্রহণ করেন। একাডেমিতে সেরা ফলাফলের জন্য অ্যাক্টিং সাব-লেফটেন্যান্ট এম রেহানুজ্জামান লাভ করেন শহীদ মোয়াজ্জেম পদক। পেশাগত ও শিক্ষাগত বিষয়ে সর্বোচ্চ মান অর্জনের জন্য মিডশিপম্যান জাহিদ হোসেন কবির বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্বর্ণপদক এবং মিডশিপম্যান এম রেজাউল ইসলাম নেভাল চিফ স্বর্ণপদক গ্রহণ করেন।
প্রধানমন্ত্রী বলেন, নেভাল একাডেমিতে আধুনিক সুযোগ-সুবিধাসংবলিত বঙ্গবন্ধু কমপ্লেক্সের নির্মাণকাজ চলছে। তিনি বলেন, চীনের তৈরি দুটি কর্ভেট শিপ ‘প্রত্যয়’ ও ‘স্বাধীনতা’ এবং যুক্তরাষ্ট্রে তৈরি একটি ফ্রিগেট ‘সমুদ্র অভিযান’ আগামী মাসে বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হচ্ছে। পাশাপাশি সরকার স্বাধীনতাযুদ্ধকালে শহীদ নৌ কমান্ডারদের আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণে কর্ণফুলী নদীর মোহনায় ‘বিজয় তরঙ্গ’ নামে একটি জাদুঘর তৈরির পরিকল্পনা গ্রহণ করেছে।
শেখ হাসিনা ব্যক্তিস্বার্থের চেয়ে দেশের স্বার্থকে ঊর্ধ্বে তুলে ধরতে এবং দেশের ও বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখার জন্য বাংলাদেশ নৌবাহিনীতে নতুন কমিশনপ্রাপ্ত অফিসারদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘আপনাদের মতো তরুণ অফিসাররা আমাদের ভবিষ্যৎ উন্নয়নযাত্রার অংশীদার। তাই, আপনাদের ব্যক্তিস্বার্থের চেয়ে দেশের স্বার্থকে ঊর্ধ্বে তুলে ধরতে হবে। আপনারা এমন কিছু করবেন না, যাতে নৌবাহিনীর এবং দেশের ভাবমূর্তি ও ঐতিহ্য ম্লান হয়।’
প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সমুদ্রসীমা নিষ্পত্তির ইস্যু তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এতে সমুদ্রের ১ লাখ ১৮ হাজার ৮১৩ বর্গকিলোমিটার এলাকাজুড়ে বিপুল সম্পদ আহরণে বাংলাদেশের জন্য সুযোগ সৃষ্টি হয়েছে। তিনি বলেন, ‘দেশের বিশাল সমুদ্র এলাকায় মাছ, তেল, প্রাকৃতিক গ্যাসের মতো মূল্যবান প্রাকৃতিক সম্পদ রয়েছে। এই সম্পদ রক্ষা করা এবং সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করা আপনাদের দায়িত্ব এবং আমি আশা করি আপনারা সফলভাবে এই দায়িত্ব পালন করবেন।’

No comments:

Post a Comment