পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান হত্যার দায়ে
মৃত্যুদণ্ডপ্রাপ্ত তাদের মেয়ে ঐশী রহমান খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেছেন।
তার পক্ষে আইনজীবী গতকাল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আপিল করেন।
বাবা-মাকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে ঐশী রহমানের বিরুদ্ধে গত ১২ই
নভেম্বর রায় ঘোষণা করে নিম্ন আদালত। রায়ে ঐশীর মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামি
ঐশীর বন্ধু মিজানুর রহমান রনিকে খুনের ঘটনার পর ঐশীকে আশ্রয় দেয়ার অপরাধে ২
বছর কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে আরও এক
মাস কারাদণ্ড ভোগ করতে হবে। অপর আসামি ঐশীর বন্ধু আসাদুজ্জামান জনি খালাস
পেয়েছেন। ২০১৩ সালের ১৬ই আগস্ট রাজধানীর মালিবাগের চামেলীবাগে নিজেদের
বাসা থেকে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের কর্মকর্তা মাহফুজুর রহমান ও তার
স্ত্রী স্বপ্না রহমানের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। এর পরদিন ঐশী
গৃহকর্মী সুমীকে নিয়ে রমনা থানায় আত্মসমর্পণ করেন। গত বছরের ৯ই মার্চ এ
মামলায় চার্জশিট দাখিল করা হয়।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment