বিশ্বের সর্ববৃহৎ আন্তর্জাতিক হোটেল চেইন ‘স্টারউড হোটেল অ্যান্ড রিসোর্টস
ওয়ার্ল্ড ওয়াইড ইনক’-এর জেনারেল ম্যানেজার পদে প্রথম বাংলাদেশি হিসেবে
নিয়োগ পেয়েছেন মাহবুবর রহমান সানজু। তিনি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রভিত্তিক
এই বহুজাতিক হসপিটালিটি ও ট্যুরিজম প্রতিষ্ঠানের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে
দায়িত্ব পালন করে আসছিলেন। সর্বশেষ তিনি এ গ্রুপের ক্লাস্টার ডিরেক্টর
(ফাইন্যান্স) হিসেবে ব্যাংকক আঞ্চলিক অফিসে কর্মরত ছিলেন। জেনারেল
ম্যানেজার পদে পদোন্নতি পাওয়ার পর তাকে কম্বোডিয়ায় স্টারউড গ্রুপের হোটেল
লি মেরিডিয়ানের পূর্ণ দায়িত্ব দেয়া হয়েছে। প্রসঙ্গত, বিশ্বের বৃহত্তম
হোটেল চেইন স্টারউড দুনিয়াজুড়ে প্রায় ১২শ বিলাসবহুল হোটেল পরিচালনা করে।
সর্বশেষ হিসেবে অনুযায়ী তাদের কর্মীর সংখ্যা ১ লাখ ৮১ হাজার ৪০০ জন।
স্টারউডের হোটেলসমূহের মধ্যে রয়েছে ওয়েস্টিন, শেরাটন, সেন্ট রেজিস, লি
মেরিডিয়ান, দ্য লাক্সারি কালেকশন, ফোর পয়েন্টস, ডব্লিউ হোটেল, অ্যালফট,
ট্রিবিউট পোর্টফলিও, এলেমেন্ট এবং ডিজাইন হোটেলস। বগুড়ায় জন্মগ্রহণকারী
মাহবুবর রহমান সানজু স্টারউড গ্রুপের সদস্য হিসেবে তার কর্মজীবন শুরু করেন
১৯৯৫ সালে তৎকালীন ঢাকা শেরাটন হোটেলের অর্থ বিভাগে যোগদানের মধ্য দিয়ে।
এরপর ১৯৯৯ সালে তিনি মালয়েশিয়ায় বদলি হয়ে যান শেরাটন কুয়ালালামপুরের
ফাইন্যান্স ডিরেক্টর হিসেবে। এরপর পর্যায়ক্রমে তিনি ফাইন্যান্স ডিরেক্টর
হিসেবে দায়িত্ব পালন করেন শেরাটন পেনাং, শেরাটন সিউল (কোরিয়া), শেরাটন
ব্যাংকক ও শেরাটন হ্যানয় (ভিয়েতনাম) হোটেলে। জানা যায়, স্টারউড হোটেল
অ্যান্ড রিসোর্টস ওয়ার্ল্ড ওয়াইড ইনক সাধারণত তাদের মালিকানাধীন
হোটেলগুলোতে জেনারেল ম্যানেজার পর্যায়ে কোনো বাঙালি দূরের কথা, এমনকি
এশিয়ার অন্যান্য দেশের লোকজনকেও তেমন সুযোগ দেয় না। এ পদে নিয়োগ পেয়ে থাকেন
সাধারণভাবে আমেরিকান বা ইউরোপীয়রা। এমন পটভূমিতে মাহবুবুর রহমান সানজুর এ
পদে সুযোগ পাওয়াকে একটি দুর্লভ অর্জন হিসেবেই বিবেচনা করছেন সংশ্লিষ্টরা।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment