Wednesday, December 9, 2015

বৃটিশ উন্নয়নমন্ত্রী ঢাকায়

ঢাকা সফরে এসেছেন বৃটেনের আন্তর্জাতিক  উন্নয়ন বিষয়কমন্ত্রী ব্যারোনেস ভার্মা। গতকাল তিনি ঢাকায় পৌঁছেছেন বলে হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। বৈশ্বিক লক্ষ্য অর্জন ও বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ব্যাপারে যুক্তরাজ্যের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করতেই তার এ সফর বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। সফরকালে ব্যারোনেস জনপ্রতিনিধিসহ বিভিন্ন স্তরের জনমানুষের সঙ্গে সাক্ষাৎ করবেন। এসব বৈঠকে দারিদ্র্য দূরীকরণসহ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বাংলাদেশ সরকারকে যুক্তরাজ্যের সহায়তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন তিনি। এ ছাড়া উন্নয়ন সহযোগী, নাগরিক সমাজ ও স্টেকহোল্ডারদের সঙ্গেও বৈঠক করবেন বৃটিশ আন্তর্জাতিক উন্নয়ন বিষয়কমন্ত্রী। হাইকমিশন জানায়- ঢাকায় অবতরণ করেই ব্যারোনেস ভার্মা বলেছেন, বাংলাদেশ সফরে আসতে পেরে তার ভালো লাগছে। বাংলাদেশের সঙ্গে বৃটেনের সম্পর্ক অত্যন্ত দৃঢ় বলেও উল্লেখ করেছেন তিনি। মন্ত্রী বলেন, আগামী কয়েকদিনে আমি বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে সাক্ষাৎ করবো। বাংলাদেশের দ্বিপক্ষীয় বৃহৎ দাতারাষ্ট্র হিসেবে আমাদের লক্ষ্য, এদেশের মানুষকে দারিদ্র্যমুক্ত করা। প্রসঙ্গত, হাউজ অব লর্ডসে কনজারভেটিভ সদস্য ব্যারোনেস ভার্মাকে চলতি বছর ১৩ই মে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক বিভাগের দায়িত্ব দেয়া হয়। নতুন দায়িত্বে আসার পর বাংলাদেশে এটি তার প্রথম সফর।

No comments:

Post a Comment