Saturday, December 5, 2015

চলন্ত বাসে যৌন হয়রানির শিকার ঢাবি ছাত্রী

মানিকগঞ্জ থেকে ঢাকায় আসার পথে চলন্ত বাসে যৌন হয়রানির শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। গতকাল দুপুরে মানিকগঞ্জ-গাবতলী রুটের শুকতারা নামক বাসে  এ ঘটনা ঘটে। বাসের চালকের সহকারী মামুন ওই ছাত্রীকে হয়রানি করে। মামুনকে আসামি করে দারুস সালাম থানায় অভিযোগ করেছেন ওই ছাত্রী। এ বিষয়ে দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি। এটি মামলা হিসেবে রেকর্ড করে আসামিকে গ্রেপ্তার করা হবে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রীর সঙ্গে কথা বলে এবং থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, তিনি বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হলে থাকেন। এখান থেকে প্রায়ই তার গ্রামের বাড়ি মানিকগঞ্জে যাতায়াত করেন। তিনি শুক্রবার বেতিলা থেকে শুকতারা (জ-০৪-০০৬৬) পরিবহনের বাসে ওঠেন। পথিমধ্যে পাশের আসনের যাত্রী নেমে গেলে ওই বাসের চালকের সহকারী মামুন ওই আসনে বসে। কিছুক্ষণের মধ্যেই মামুন ওই ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ করে এবং তার গায়ে হাত দেয়। এ বিষয়ে তিনি প্রতিবাদ করলে তার সঙ্গে অশালীন ভাষা ব্যবহার করে মামুন। তাকে গালিগালাজও করে। বাগবিতণ্ডার একপর্যায়ে ওই ছাত্রীকে বাস থেকে নেমে যেতে বলে সে। তখন বাসের অন্য যাত্রীরা এ ঘটনার প্রতিবাদ করেন। তাৎক্ষণিকভাবে বিষয়টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে অবগত করেন তিনি। পরে এ বিষয়ে দারুসসালাম থানায় একটি লিখিত অভিযোগ করেন ওই ছাত্রী।

No comments:

Post a Comment