কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে শুরু হয়েছে জলবায়ু সম্মেলন। এতে অংশ নিচ্ছেন বিশ্বের ১৯৫টি দেশের রাষ্ট্রপ্রধানরা। দু’সপ্তাহের এ শীর্ষ পর্যায়ের বৈঠকে ধরিত্রীকে বাঁচাতে কার্বন নিঃসরণ কমানোর জন্য কর্মপন্থা নির্ধারণ করার কথা। বিশ্বে কার্বন নিঃসরণ কমিয়ে আনতে একটি দীর্ঘমেয়াদি চুক্তিতে উপনীত হওয়ার কথা রয়েছে নেতাদের। গতকাল এ সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন পেরুর পরিবেশমন্ত্রী মানুয়েল পালগার ভিদাল। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বিভিন্ন কারণে কার্বন নিঃসরণ কমাতে কঠোর পদক্ষেপ জরুরি হয়ে পড়েছে। সন্ত্রাস মোকাবিলায় বিশ্ব যেমন একত্রিত হয়ে কাজ করছে তেমনি বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির বিরুদ্ধেও বিশ্বের সব দেশকে একত্রিত হয়ে কাজ করতে হবে। সম্মেলনের শুরুতে বক্তব্য রাখেন জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রধান ক্রিস্টিনা ফিগুয়েরেস। তিনি বলেন, বিশ্ব আপনাদের দিকে তাকিয়ে আছে। জলবায়ু পরিবর্তনবিষয়ক এ সম্মেলনের পরবর্তী প্রেসিডেন্ট হবেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী লরা ফাবিয়াস। উল্লেখ্য, এ সম্মেলনে যোগ দিতে রোববার দিবাগত রাতে প্যারিসে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। এবারের সম্মেলনে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় একটি নতুন চুক্তি হওয়ার কথা রয়েছে। বলা হয়েছে, মানব সৃষ্ট কারণে বৈশ্বিক তাপমাত্রা বেড়ে যাচ্ছে ভয়াবহভাবে। এ অবস্থা থেকে মুক্তি পেতে কার্বন নিঃসরণ কমাতেই হবে। এর আগে ২০০৯ সালে বড় আকারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কোপেনহেগেনে। কিন্তু সেই সম্মেলন ব্যর্থ হয়। এবারের সম্মেলনের মূল বিষয়গুলো হলো- সবচেয়ে বেশি আলোচিত হবে যা তা হলো বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখা। এমন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জাতিসংঘ। কিন্তু শতাধিক গরিব ও নিম্নভূমির দেশ, দ্বীপরাষ্ট্র এই সীমাকে ১.৫ ডিগ্রি সেলসিয়াস করার দাবি জানাচ্ছে। উন্নয়নশীল দেশগুলো বলছে, শিল্পসমৃদ্ধ দেশগুলোকে কার্বন নিঃসরণ কমাতে আরও অনেক বেশি কিছু করতে হবে। কারণ, জলবায়ু দূষিত করছে তারাই বেশি। তবে ধনী দেশগুলো বলছে, তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াসে আটকে রাখা খুব কঠিন কাজ হবে। এ সম্মেলনে যোগ দিয়েছেন ব্রডকাস্টার ও প্রকৃতিবিদ স্যার ডেভিড অ্যাটেনবারো। তিনি বলেছেন, প্যারিস সম্মেলন থেকে কোন সুফল আসবে না বলে তিনি বিশ্বাস করেন। কারণ, জলবায়ু পরিবর্তনের মধ্যে রয়েছে লুকানো কিছু সমস্যা। তিনি বলেন, আমরা জানি তাপমাত্রা বাড়লে কি পরিণতি ভোগ করতে হবে। সমুদ্রের কি হবে আমরা তা জানি। তবে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পৃথিবীতে মরুকরণও বৃদ্ধি পাবে। তাপমাত্রা পরিবর্তনের ফলে প্রচুর সমস্যা সৃষ্টি হয়। যেকোন মূল্যে তা এড়িয়ে যেতে হবে। ওদিকে এ সম্মেলনের বাইরে ব্যাপক বিক্ষোভ করেছে বিপুল সংখ্যক মানুষ। তারা মানববন্ধন করেন। প্যালেস ডি লা রিপাবলিক স্কয়ারে হাজার হাজার জোড়া জুতা রেখে প্রতিবাদ বিক্ষোভ করেন। কোথাও কোথাও পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশ আটক করেছে ১০০ জনকে।মোদির সঙ্গে আনোয়ার হোসেন মঞ্জুর শুভেচ্ছা বিনিমিয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে গতকাল শুভেচ্ছাবিনিময় করেছেন বাংলাদেশের পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। প্যারিসে অনুষ্ঠিত জাতিসংঘের শীর্ষ জলবায়ু সম্মেলনের হলে তাদের দুজনের মধ্যে সাক্ষাৎ হয়। নরেন্দ্র মোদি বলেন, বাংলাদেশকে তিনি হৃদয়ে ধারণ করেছেন। তিনি দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথাও উল্লেখ করেন। এ সময় দৈনিক ইত্তেফাকের প্রকাশক এবং পরিচালক তারিন হোসেনও উপস্থিত ছিলেন।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment