Wednesday, December 2, 2015

দিনাজপুরে ছাত্রবাসে গলা কেটে সরকারি কর্মকর্তাকে হত্যা

দিনাজপুর শহরে ছাত্রাবাসে গলা কেটে একজন সরকারি কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। হত্যার শিকার আব্দুর রহিম (৩০) নামের ওই ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। চিকিৎসক বলছেন অতিরিক্ত রক্তক্ষরনের কারণে তার মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে এ ঘটনার পর হামলাকারী সন্দেহে শুভ শেখ (২৫) নামে আহত এক ছাত্রকে আটক করেছে পুলিশ। দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) খালেকুজ্জামান জানান, নিহত আব্দুর রহিম (৩০) দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ছিলেন। তার বাড়ি সদর উপজেলার ঘুঘডাঙ্গা গ্রামে। অপর দিকে আটক শুভ শেখ ওই পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার সায়েন্স বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। সে পাবনা জেলার বাবুল শেখের ছেলে। শুভ পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর গ্রামের বাড়ি পাবনায় ফিরে যায়। দীর্ঘ ৭/৮ মাস পর দিনাজপুরে এসে এই হত্যা কা- ঘটিয়েছে। তবে শুভ আহত অবস্থায় দিনাজপুর মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন থাকায় এই হত্যাকান্ডের কারণ এখনও জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার রাত ৯টার দিকে আব্দুর রহিম একটি মোটরসাইকেল নিয়ে ফুলবাড়ী বাসস্ট্যান্ড সংলগ্ন সব্জি ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের ছাত্রাবাসে আসে। ছাত্রাবাসের দোতলায় ধস্তাধস্তি ও চিৎকারের শব্দে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে গলা কাটা অবস্থায় আব্দুর রহিমকে ও ডান হাতে রক্তাক্ত জখম অবস্থায় শুভকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসকরা রহিমকে মৃত ঘোষণা করেন। শুভকে হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসায় রাখা হয়েছে। ওই ছাত্রবাসে থাকেন শুভ শেখসহ বেশ কয়েকজন ছাত্র। ঘটনার পর অন্যান্য ছাত্ররা ছাত্রাবাস ত্যাগ করে অন্যত্র চলে গেছে। নিহত আব্দুর রহিম এক বছর আগে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের পেছনে শেখপুরা এলাকায় বিয়ে করেছেন বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।

No comments:

Post a Comment