Saturday, December 5, 2015

জয়ের সুযোগ নেই বলেই অপপ্রচার

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, বিএনপি পৌরসভা নির্বাচনে জিততে পারবে না বলে মানুষের অনুকম্পা পেতে মিথ্যাচার করছে। তিনি বলেন, ১৩ই ডিসেম্বরের পর বিভিন্ন পৌরসভায় আওয়ামী লীগের বিকল্প প্রার্থীরা থাকবে না। দলের প্রতি যাদের আনুগত্য ও শ্রদ্ধা আছে তারা এই সময়ের মধ্যে তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেবে। গতকাল     ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। হানিফ বলেন, তৃণমূল পর্যায় থেকে যে গাইডলাইন দিয়েছিলাম, তাদের (তৃণমূল) সুপারিশ এবং আমাদের মাঠ জরিপের তথ্য নিয়ে প্রার্থী দেয়া হয়েছে। আমাদের জানামতে ৭১টি পৌরসভায় আমাদের বিকল্প প্রার্থী রয়েছেন। কৌশলগত কারণেও অনেক জায়গায় আমাদের প্রার্থী রয়েছেন। তবে, আমরা আশ্বস্ত করতে চাই, যাচাই-বাছাইয়ের পর কোন প্রার্থী বিদ্রোহী হবে না। তিনি বলেন, এরপরও যদি দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে শৃঙ্খলাবিরোধী কাজ করে তাহলে দলের গঠনতন্ত্র অনুযায়ী সর্বোচ্চ শাস্তি হিসেবে বহিষ্কার করা হবে। আসন্ন পৌরসভা নির্বাচন নিয়ে বিএনপি নেতা মেজর (অব.) হাফিজের একটি মন্তব্যের জবাবে আওয়ামী লীগের এই নেতা বলেন, জনগণের কাছ থেকে কিছুটা অনুকম্পা পাওয়ার আশায় তারা সরকারের বিরুদ্ধে নানা অপপ্রচার করে, মিথ্যাচার করে বিভ্রান্তি সৃষ্টি করছে। বিএনপি এখনও মিথ্যাচারের মধ্যেই আছে। তবে, এটা নিয়ে জনগণ মাথা ঘামাচ্ছে না। বিএনপি যেমন নির্বাচন নিয়ে মাথা ঘামাচ্ছে না বলে দাবি করছে, জনগণও বিএনপিকে নিয়ে মাথা ঘামাচ্ছে না। তিনি বলেন, আমি আশা করি বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে। জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি যে ভুল করেছিল, রাজনীতি থেকে অনেকটাই ছিটকে পড়েছিল, স্থানীয় পর্যায়ের নির্বাচনে বিএনপি সেই ভুল আর করবে না। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, মেজবাহ উদ্দিন সিরাজ, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন প্রমুখ।

No comments:

Post a Comment