Friday, January 1, 2016

বই হাতে হাসিমুখে বাড়ি ফিরল শিশুরা

চট্টগ্রামে পেয়ারী মোহন সেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
শিক্ষার্থীরা নতুন বই নিয়ে বাড়ি ফিরছে। ছবিটি আজ শুক্রবার
সকালে উত্তর কাট্টলী এলাকা থেকে তোলা। ছবি: জুয়েল শীল
সারা দেশের মতো চট্টগ্রামেও প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্য বই বিতরণ করা হয়েছে। বছরের প্রথম দিন বই হাতে হাসিমুখে বাড়ি ফিরেছে শিশুরা। আজ শুক্রবার সকাল থেকে নগর ও জেলার বিভিন্ন বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বই বিতরণ উৎসব।
বেলা সোয়া ১১টার দিকে নগরের মিউনিসিপ্যাল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। বই বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. দৌলতুজ্জামান খান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন সুলতানা প্রমুখ।
অনুষ্ঠানে মেজবাহ উদ্দিন বলেন, সারা দেশে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের ৩৩ কোটির বেশি বই বিতরণ করা হচ্ছে। বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া এখন উৎসবে পরিণত হয়েছে।
এর আগে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক আনুষ্ঠানিকভাবে নগরের কলেজিয়েট স্কুল ও সাড়ে নয়টায় চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বই বিতরণ করেন।
চট্টগ্রাম জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হোসনে আরা বেগম বলেন, জেলা ও নগর মিলিয়ে এক হাজার ৪৯৩টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় বই বিতরণ করা হচ্ছে। মোট ১০ লাখ ৮৯ হাজার ৬২০ জন শিক্ষার্থীদের এক কোটি ২৪ লাখ ১৮ হাজার ৪৩৯টি বই বিতরণ করা হচ্ছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন সুলতানা বলেন, চট্টগ্রাম জেলায় মোট প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা চার হাজার ৫২২ টি। এর মধ্যে সরকারি বিদ্যালয়ের সংখ্যা দুই হাজার ২০৬টি। এবার প্রাথমিক স্তরের ১১ লাখ ৪৮ হাজার ৪১৭ জন শিক্ষার্থী বই পাচ্ছে।

No comments:

Post a Comment