Sunday, January 17, 2016

এক ব্যক্তির জন্য পদ্মা সেতুর অর্থায়ন বন্ধের হুমকি দেওয়া হয়: প্রধানমন্ত্রী

জাতীয় শিল্পকলা একাডেমিতে গতকাল কাজী মাহবুব উল্লাহ
স্মৃতিপদক প্রদান অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি ও অতিথিদের
সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা l ছবি: পিআইডি
একটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) সরিয়ে দেওয়া হলে পদ্মা সেতু নির্মাণে অর্থায়ন বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা আমাকে বলেছিলেন, যদি একজনকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হয়, তাহলে অর্থায়ন বন্ধ করে দেওয়া হবে।’
জাতীয় শিল্পকলা একাডেমিতে গতকাল কাজী মাহবুব উল্লাহ স্মৃতি পদক প্রদান অনুষ্ঠানে ভাষণদানকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন। বেগম জেবুন্নেছা ও কাজী মাহবুব উল্লাহ জনকল্যাণ ট্রাস্ট এ অনুষ্ঠানের আয়োজন করে। খবর ইউএনবি ও বাসসের।
কারও নাম উল্লেখ না করে শেখ হাসিনা বলেন, ‘একজনের প্ররোচনায় বিশ্বব্যাংক অর্থায়ন প্রত্যাহার করে নেয়। এবং কী ঘটেছিল, আপনারা ভালোই জানেন।’
ওই ব্যক্তিকে এমডি পদে পুনর্বহাল করার জন্য সরকারের ওপর ব্যাপক চাপ সৃষ্টি করা হয় জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘বিভিন্ন পক্ষ থেকে ভয়ানক চাপ দেওয়া হয়...দুটি বছর যেন আমাদের ওপর আজাব সৃষ্টি করা হয়েছিল। তখন আমরা সিদ্ধান্ত নিই নিজেদের অর্থেই পদ্মা সেতু করব।’
এবার কাজী মাহবুব উল্লাহ স্মৃতি পদক পেয়েছেন সাহিত্য ও সাংবাদিকতায় আনিসুল হক, বিজ্ঞানে পাটের মলিকিউলার বায়োলজি নিয়ে বিশেষ গবেষণার স্বীকৃতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাসিনা খান, খেলাধুলায় জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এবং বিশেষ পুরস্কার হিসেবে আজীবন সম্মাননা পেয়েছেন অধ্যাপক এ কে আজাদ চৌধুরী। পুরস্কার হিসেবে এক লাখ টাকার চেক, সার্টিফিকেট, ক্রেস্ট ও উত্তরীয় প্রদান করা হয়।
অনুষ্ঠানে ২০১৫ সালের পুরস্কারপ্রাপ্ত গুণীজনের মধ্যে ইমেরিটাস অধ্যাপক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ কে আজাদ চৌধুরী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক খোন্দকার নাসির উদ্দিন বক্তৃতা করেন।
সংস্কৃতিবিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূর অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন। ট্রাস্টের চেয়ারম্যান জোবায়দা এম লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট লেখিকা ও কথাসাহিত্যিক সেলিনা হোসেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বক্তব্যে শিক্ষার প্রসারে ধনী ও সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, এ ধরনের ব্যক্তিগত উদ্যোগ সমাজে বিরাজমান সব ধরনের কুসংস্কার, কূপমণ্ডূকতা, ধর্মীয় উগ্রবাদ-জঙ্গিবাদের বিরুদ্ধে ব্যাপক জনসচেতনতা গড়ে তুলবে। যা উগ্র-ধর্মান্ধ গোষ্ঠীর বিরুদ্ধে সরকারের কার্যক্রমের সাফল্য নিশ্চিত করবে।
দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে শিক্ষার কোনো বিকল্প নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কেবল শিক্ষাই পারেÿক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে।

No comments:

Post a Comment