Monday, February 22, 2016

যুক্তরাষ্ট্রের নির্বাচন: মনোনয়ন লড়াই, ট্রাম্প ও হিলারির বিজয়

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী বাছাইয়ের প্রতিদ্বন্দ্বিতায় শনিবার জিতেছেন দুই দলের এগিয়ে থাকা মনোনয়নপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও হিলারি ক্লিনটন। তবে সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে রিপাবলিকান পার্টির প্রাইমারি নির্বাচনে ক্যাসিনো ব্যবসায়ী ট্রাম্প তুলনামূলক সহজ বিজয় পেলেও নেভাদা অঙ্গরাজ্যে অনুষ্ঠিত ডেমোক্রেটিক পার্টির ককাসে অল্প ভোটের ব্যবধানে জিতেছেন হিলারি ক্লিনটন। এই দিনের বাছাইয়ের একটি বড় প্রতিক্রিয়া হলো হতাশাজনক ফল করে প্রভাবশালী বুশ পরিবারের সদস্য জেব বুশের নির্বাচনী দৌড় থেকে সরে যাওয়ার ঘোষণা।
সাউথ ক্যারোলাইনা রিপাবলিকান প্রাইমারিতে ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ৩৩ শতাংশ ভোট। তাঁর পরে আছেন মার্কো রুবিও (২৩%), টেড ক্রুজ (২২%), জেব বুশ (৮%), জন কেইসিক (৮%) ও বেন কারসন (৭%)।
একই দিন নেভাদা অঙ্গরাজ্যে অনুষ্ঠিত ডেমোক্রেটিক পার্টির ককাসে মাত্র ৬ শতাংশ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন হিলারি ক্লিনটন। অশ্বেতকায় ও অভিবাসীদের ভোটে হিলারি এই রাজ্যে অনায়াসে বিজয়ী হবেন বলে তাঁর সমর্থকেরা যে আশাবাদ ব্যক্ত করেছিল, তা সত্য প্রমাণিত হয়নি। অভিবাসী হিস্পানিকদের (লাতিন দেশগুলোর স্পেনীয়ভাষী) অধিকাংশ ভোট পেয়েছেন সিনেটর বার্নি স্যান্ডার্স। শুধু আফ্রিকান-আমেরিকান অর্থাৎ কৃষ্ণাঙ্গদের কাছ থেকে বিপুল সমর্থন পেয়েই বিপর্যয় এড়াতে পেরেছেন হিলারি।
এই দিনের ফলাফল সবচেয়ে হতাশ করেছে ফ্লোরিডার সাবেক গভর্নর জেব বুশকে। মাত্র ৮ শতাংশ ভোট পেয়ে তিনি নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেছেন। গত বছর জুন মাসে জেব বুশ যখন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার কথা ঘোষণা করেন, অধিকাংশ এক বাক্যে তাঁকে রিপাবলিকান দলের কাঙ্ক্ষিত প্রার্থী হিসেবে চিহ্নিত করেছিল। দলের অধিকাংশ ধনী সমর্থক দুই হাত খুলে তাঁর সমর্থনে চাঁদা দিয়েছিলেন। প্রায় ১৫ কোটি ডলার খরচ করার পরও ভরাডুবি ঠেকাতে পারলেন না জেব বুশ। ভাবা হচ্ছে, পেশাদার রাজনীতিকদের প্রতি জনগণের বিরাগ ও নামের শেষে ‘বুশ’ পদবি থাকার কারণেই জেবকে হার মানতে হলো।
সাউথ ক্যারোলাইনার প্রাক্‌-নির্বাচনী ভোটের পর রিপাবলিকান দলের প্রতিদ্বন্দ্বিতায় মুখ্য খেলোয়াড় হয়ে উঠেছেন তিনজন: ট্রাম্প, রুবিও ও ক্রুজ। এঁদের মধ্যে ট্রাম্প ও ক্রুজ প্রতিষ্ঠানবিরোধী ‘দলছুট’ প্রার্থী হিসেবে পরিচিত। তাঁদের তুলনায় অপেক্ষাকৃত মধ্যপন্থী রুবিও রিপাবলিকান দলের ওপর সারির নেতাদের সমর্থন নিয়ে ‘মূলধারা’র প্রার্থী হিসেবে জায়গা করে নিয়েছেন। এঁদের বাইরে অন্য যে দুজন রিপাবলিকান প্রার্থী (গভর্নর জন কেইসিক ও শল্য চিকিৎসক বেন কারসন) রয়েছেন, তাঁরা শনিবার যথাক্রমে মাত্র ৮ ও ৭ শতাংশ হারে ভোট পেলেও লড়াই চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন। তবে তাঁদের সে ঘোষণাকে গুরুত্বের সঙ্গে নিচ্ছেন না কেউ।
আগামীকাল মঙ্গলবার নেভাদায় রিপাবলিকান দল ও শনিবার সাউথ ক্যারোলাইনায় ডেমোক্রেটিক দল তাদের পরবর্তী প্রাক্-নির্বাচনী ভোটে অংশ নেবে। বর্তমান জনমত জরিপ অনুযায়ী এই দুই অঙ্গরাজ্যেও ট্রাম্প ও হিলারি জয়ী হবেন বলে ভাবা হচ্ছে। তবে উভয় দলের প্রার্থীদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে ‘সুপার ট্যুইসডে’ নামে পরিচিত ১ মার্চের বাছাই নির্বাচন। এদিন মোট ১২টি বৃহৎ অঙ্গরাজ্যে একযোগে ভোট গ্রহণ হবে। ডেমোক্রেটিক দলের প্রার্থী হিসেবে হিলারি ক্লিনটন ও বার্নি স্যান্ডার্স উভয়েই সম্ভবত জুলাই মাসের দলীয় সম্মেলন পর্যন্ত প্রতিটি ভোটের জন্য তাঁদের ‘গেরিলা লড়াই’ অব্যাহত রাখবেন। অন্যদিকে, রিপাবলিকান দলের প্রধান দুই প্রার্থী কে হবেন, ১ মার্চের পরই তা পরিষ্কার হবে।
নেভাদা ডেমোক্রেটিক ককাস
হিলারি ক্লিনটন      ৫২.৬%
বার্নি স্যান্ডার্স        ৪৭.৩
সাউথ ক্যারোলাইনা রিপাবলিকান প্রাইমারি
ডোনাল্ড ট্রাম্প       ৩৩%
মার্কো রুবিও        ২৩%
টেড ক্রুজ            ২২%
জেব বুশ             ৮%

No comments:

Post a Comment