Saturday, February 13, 2016

বঙ্গবন্ধুর জীবনী থেকে অনেক শেখার আছে: রাদওয়ান

বঙ্গবন্ধুর জীবনী থেকে অনেক শেখার আছে: রাদওয়ান
বঙ্গবন্ধুর জীবনী থেকে শিশুদের অনেক কিছু শেখার আছে বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক। তিনি বলেছেন, শিশুরা তাঁর জীবনী থেকে পরিশ্রম, গরিব-দুঃখীর প্রতি দয়া ও নিজের ওপর কীভাবে বিশ্বাস অর্জন করতে হয়, তা শিখতে পারবে।
আজ শনিবার বইমেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে তৈরি ‘মুজিব’ বইয়ের গ্রাফিক নভেল সিরিজ-২ এর প্রকাশনা উৎসবে রাদওয়ান এসব কথা বলেন। বইটি প্রকাশ করেছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)। খবর বাসসের।
রাদওয়ান মুজিব সিদ্দিক বলেন, ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে শিশুদের জন্য গ্রাফিক নভেল সিরিজের বই করতে পেরে নিজেকে অনেক গর্বিত ও আনন্দিত মনে করছি। নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুকে তুলে ধরতেই তার এ উদ্যোগ। গ্রাফিক বইটি থেকে শিশুরা বঙ্গবন্ধুর শৈশব, কৈশোর, তারুণ্য, রাজনৈতিক জীবন সম্পর্কে জানতে পারবে।
তার মা শেখ রেহানা ও খালা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা ছাড়া এ কাজটি করা সম্ভব হতো না উল্লেখ করে রাদওয়ান বলেন, বঙ্গবন্ধুর মাঝে কীভাবে রাজনৈতিক আগুন জ্বলে উঠল, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সঙ্গে তাঁর পরিচয় ও পথচলার কাহিনি শিশুরা এ গ্রন্থ থেকে জানতে পারবে।
বইটি তৈরিতে কার্টুনিস্ট সৈয়দ রাশাদ ইমাম তন্ময় সহযোগিতা করায় কাটুর্নিস্টকেও ধন্যবাদ জানান রাদওয়ান মুজিব সিদ্দিক। পরে তিনি শিশুদের মাঝে ‘মুজিব’ নামের গ্রাফিক নভেল সিরিজের ১ ও ২ বই, রং পেনসিল এবং লেখার ডায়েরি বিতরণ করেন।
অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ, সাবেক পররাষ্ট্র মন্ত্রী দীপু মণি প্রমুখ উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment