Friday, February 12, 2016

সাগর-রুনি হত্যার বিচারে এক মাসের আলটিমেটাম

সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনির হত্যাকাণ্ডের বিচারিক অগ্রগতির কথা জানাতে সরকারকে এক মাসের আলটিমেটাম দিয়েছে সাংবাদিক নেতারা। অন্যথায় কঠোর কর্মসূচি দেয়া হবে বলে হুশিঁয়ারি দিয়েছেন তারা। বৃহস্পতিবার সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সামনে আয়োজিত এক সমাবেশ কর্মসূচি থেকে সংগঠনটির সভাপতি জামাল উদ্দীন এ আলটিমেটাম দেন। তিনি বলেন, ‘আগামী এক মাসের মধ্যে সরকার হত্যাকাণ্ডের অগ্রগতি জানাতে ব্যর্থ হলে কঠোর আন্দোলনে যাবেন সাংবাদিকেরা। জনসংযোগ, মিছিল ও সমাবেশের মাধ্যমে রাজপথে বিচারের দাবিতে আন্দোলন জোরদার করা হবে।’
সমাবেশে অংশ নেন সাংবাদিক সাগর-রুনির একমাত্র সন্তান মাহীর সরওয়ার মেঘ।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক রাজু আহমেদের পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি রুহুল আমিন গাজী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক শাবান মাহমুদ, ডিআরইউয়ের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শেখ জামাল হোসাইন প্রমুখ।
এদিকে হত্যাকাণ্ডের বিচার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের ব্যানারে এবং রাজধানীর বনানীতে মাছরাঙা টেলিভিশনের সামনে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন সাংবাদিকরা।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদের পরিচালনায় সংগঠনটির মানববন্ধনে বক্তব্য দেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, সাংবাদিক নেতা গাজী জহিরুল ইসলাম, রহমান মুস্তাফিজ, বরুণ ভৌমিক প্রমুখ।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি সকালে রাজধানীর রাজাবাজারের ভাড়া ফ্ল্যাট থেকে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। সাগর মাছরাঙা টিভির বার্তা সম্পাদক ও রুনি এটিএন বাংলার সিনিয়র প্রতিবেদক ছিলেন।

No comments:

Post a Comment