Sunday, February 28, 2016

চার নারীতে উজ্জীবিত সিলেট মহিলা আওয়ামী লীগ

চার নারীতে উজ্জীবিত সিলেট মহিলা আওয়ামী লীগ। তাদের ঘিরেই এতোদিন সাজানো হয়েছিল মাঠ। জেলা ও মহানগর পর্যায়ে দলকে করা হয়েছিল শক্তিশালী। আর সর্বশেষ কাউন্সিলে তাদেরকেই দেয়া হলো দায়িত্ব। এর মধ্যে কেউ কেউ রয়েছেন রাজপথের সংগ্রামী। কেউ আওয়ামী পরিবারে হওয়ার কারণে ভোটযুদ্ধেও নেমেছিলেন। এসব কারণে বিভিন্ন সময় তারাও ছিলেন লাইমলাইটে। সময়টা ২০০৮ সাল। ওয়ান-ইলেভেন চলছিল তখন। সিলেটের নির্বাচিত মেয়র বদরউদ্দিন আহমদ কামরান জেলে। এলো সিটি নির্বাচন। আওয়ামী লীগও তখন অনেকটা বিপর্যস্ত। পরিচ্ছন্ন নেতা হিসেবে তখন আবুল মাল আবদুল মুহিত সবকিছু উপেক্ষা করে নেমেছিলেন মাঠে। আর কামরানের হয়ে তখন পুরো নির্বাচনী চাল খেলেছিলেন স্ত্রী আসমা কামরান। একাই ঘুরেছেন গোটা শহর। রাত-বিরাতে করেছেন নির্বাচনী প্রচারণা। কখনও মেয়র স্বামীর অভাব অনুভব করতে দেননি তিনি। এই আসমা এবার কাঁধে তুলে নিয়েছেন সিলেটের মহিলা আওয়ামী লীগের দায়িত্ব। তার সঙ্গে রয়েছে সিটি কাউন্সিলর শাহানারা বেগম। সিলেটের মানুষের সবার প্রিয় ‘শাহানা আপা’। বিগত দিনে আন্দোলন-সংগ্রামে সামনে সারিতে থেকে তিনি কাজ করেছেন। আর  জেলার সভাপতি রুবি ফাতেমা ইসলাম অনেক সংগ্রাম করেছেন রাজপথে। এ কারণে নিজের পরিবারও হয়েছে বিপর্যস্ত। এবার নতুন হিসেবে উঠে এসেছেন এডভোকেট সালমা সুলতানা। পারিবারিক বলয়ের রাজনীতির কারণে একজন পরিচ্ছন্ন রাজনৈতিক কর্মী হিসেবে সুনাম কুড়িয়েছেন। বুধবার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে শেষ হয়েছে। জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদিকা ফজিলাতুননেছা ইন্দিরা, সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ  কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভানেত্রী আলহাজ্ব সাফিয়া খাতুন এই সম্মেলনে উপস্থিত ছিলেন। আর এতে সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক কাউন্সিলর শাহানারা বেগমকে সভাপতি ও যুগ্ম আহ্বায়ক আসমা কামরানকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগ এর কমিটি গঠিত হয়। বৃহস্পতিবার একই স্থানে মহিলা আওয়ামী লীগ সিলেট জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। সম্মেলনের ২য় পর্বে সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির সভাপতি মনোনীত হয়েছেন রুবি ফতেমা ইসলাম। সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন এডভোকেট সালমা সুলতানা এছাড়া নীনা চৌধুরী। এছাড়া, সালমা বাছিত সহ-সভাপতি ও হেলেন আহমেদ প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক এবং এজেড রওশন জেবীন রুবা সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন। দু’টি সম্মেলনে সিলেটের মহিলা আওয়ামী লীগকে উজ্জীবিত করতে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নাজনীন হোসেন চৌধুরী, মৌলভীবাজার মহিলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দা জোহরা আলাউদ্দিন, সাধারণ সম্পাদক মিসেস রেজিয়া রহমান, যুক্তরাজ্য মহিলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ নাজমা হোসেন প্রমুখ। এদিকে, সিলেটে দলকে শক্তিশালী করে নারীদের উন্নয়নে কাজ করার অঙ্গকিার ব্যক্ত করেছেন দায়িত্বপ্রাপ্তরা। তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনাক্রমে তারা সিলেটে শুধু দলকে নয়, সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করবেন। সিলেটের পিছিয়ে পড়া নারীসমাজকে এগিয়ে নিতে তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানান তারা।

No comments:

Post a Comment