Thursday, February 25, 2016

ফিদেল ও রাউলের বড় ভাই র‌্যামন কাস্ত্রোর মৃত্যু

র‍্যামন কাস্ত্রো
কিউবার বিপ্লবের নেতা ফিদেল কাস্ত্রো ও বর্তমান প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বড় ভাই র‌্যামন কাস্ত্রো (৯১) গত মঙ্গলবার মারা গেছেন। রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর দিয়েছে। খবর রয়টার্সের।
দাপ্তরিক ওয়েবসাইট কিউবাডিবেট-এ জানানো হয়, র‌্যামন কাস্ত্রো রাজধানী হাভানায় মৃত্যুবরণ করেন। শেষকৃত্য শেষে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয়েছে পূর্ব কিউবার বিরান শহরে। সেখানেই জন্ম নেন তিন কাস্ত্রো।
যে সমাজতান্ত্রিক সংগ্রামের মাধ্যমে ফিদেল কাস্ত্রো ১৯৫৯ সালে কিউবার ক্ষমতায় বসেন, তাতে নানাভাবে সহায়তা করেন র‌্যামন কাস্ত্রো। যদিও তিনি কখনো হাতে অস্ত্র তুলে নেননি। র‌্যামন একপয্যায়ে সরকারের কৃষিবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করলেও ফিদেল (৮৯) বা রাউলের (৮৪) মতো কর্তৃত্ব ছিল না তাঁর।
১৯২৪ সালের ১৪ অক্টোবর জন্মগ্রহণকারী র‌্যামন হাভানা বিশ্ববিদ্যালয়ে কৃষি প্রকৌশল বিষয়ে পড়াশোনা করেন। ১৯৫৩ সালে তৎকালীন স্বৈরশাসক বাতিস্তার আমলে ছোট দুই ভাইয়ের মতো তাঁকেও কারাগারে পাঠানো হয়।
র‌্যামন কাস্ত্রো বিবাহিত ও পাঁচ সন্তানের জনক ছিলেন। সাম্প্রতিক বছরগুলোতে তিনি অনেকটা লোকচক্ষুর অন্তরালে ছিলেন। বাস করতেন হাভানার কাছে এক কৃষি খামারে।
ফিদেল কাস্ত্রো শারীরিক অসুস্থতার কারণে ২০০৬ সালে সাময়িকভাবে এবং ২০০৮ সালে চূড়ান্তভাবে ক্ষমতা ছাড়েন। এরপর কিউবার প্রেসিডেন্ট হন তাঁর ছোট ভাই রাউল কাস্ত্রো।

No comments:

Post a Comment